T20 World Cup 2026: বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, পাকিস্তান সরে দাঁড়ালে তাঁদের পরিবর্তে সুযোগ পাবেন কারা?
ICC T20 World Cup 2026: নিয়ম অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে না খেললে, সেক্ষেত্রেও অন্য এক দল সেই জায়গা নেবে।

নয়াদিল্লি: ভারতে বিশ্বকাপ খেলতে না আসার নাছোড়বান্দায় লাভের লাভ কিছুই হল না। অবশেষে কঠোর সিদ্ধান্ত নিয়েই নিল আইসিসি। বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে বাদ দেওয়া হল। পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে পাকিস্তান (Pakistan Cricket Team) যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তখন কী হবে? তাঁদের পরিবর্তে কারা বিশ্বকাপে সুযোগ পাবেন?
প্রথম প্রশ্ন হল পাকিস্তানের বিশ্বকাপে না খেলার কথা উঠছেই কেন? পাকিস্তান যে ভারত নয়, শ্রীলঙ্কায় নিজেদের সব ম্যাচ খেলবে, সেই সিদ্ধান্ত বহু আগেই নেওয়া ছিল। সেইমতোই সূচিও নির্ধারিত হয়েছে। তারপরেও বিশ্বকাপ বয়কটে প্রশ্ন আসছে কোথা থেকে? আসলে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। বাংলাদেশের বয়কটের সিদ্ধান্তের পিছনে উস্কানি ছিল পাকিস্তানের। বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারলে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারেন বলেও অনেক জায়গায় দাবি করা হচ্ছিল।
সত্যিই কি তাহলে এবার পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে যাবে? এই বিষয়ে সোজাসুজি কিছুই জানাননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। বরং তিনি দাবি করেন, 'আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষায় রয়েছি। ওঁ দেশে ফিরলেই তারপর আমরা পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেব।'
তবে যদি বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহ দু'য়েক আগে পাকিস্তান সত্যিই মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তখন কী হবে? নিয়ম অনুযায়ী স্কটল্যান্ড যেমন বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে, সেক্ষেত্রেও পাকিস্তানের পরিবর্তে কোনও একটি দেশ সুযোগ পাবে। সেই দেশ কোনটি? এমন ক্ষেত্রে ব়্যাঙ্কিং অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক যে কারণে কোয়ালিফায়ার্সে তেমন ভাল পারফর্ম না করে, মাত্র এক ম্যাচ জিতেও বিশ্বকাপে খেলার ডাক পেয়েছে স্কটল্যান্ড।
পাকিস্তান না খেললে সেক্ষেত্রে ব়্যাঙ্কিং অনুযায়ী উগান্ডাকে খেলার সুযোগ করে দেওয়া হবে। এক্ষেত্রে উগান্ডা পাকিস্তানের পরিবর্তে আসায় তাদের মতোই ভারতের সঙ্গে এক গ্রুপে থাকবে এবং পাকিস্তানের সূচি অনুযায়ীই তাদের ম্যাচগুলি আয়োজিত হবে। তবে এই গোটা বিষয়টি এখনও কেবল জল্পনার পর্যায়েই রয়েছে। নকভি কিন্তু পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানায়নি। অবশ্য বাংলাদেশের বিশ্বকাপে না খেলার বিষয়টিকে আইসিসির দ্বিচারিতা বলে নিন্দা করেছেন তিনি।



















