Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
NEET Question Leak: গ্যালারিতে প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে সরব সবুজ-মেরুন সমর্থকরা। গ্যালারিতে একটি ব্যানার টাঙানো হয়।

সৌমিত্র রায়, কলকাতা: প্রশ্নফাঁস নিয়ে প্রতিবাদের আঁচ এবার কলকাতা ময়দানে। কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে দেখা গেল প্রতিবাদী বার্তা। গ্যালারিতে প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে সরব সবুজ-মেরুন সমর্থকরা। গ্যালারিতে একটি ব্যানার টাঙানো হয়। তাতে লেখা ছিল, 'আর ফাঁস নয়, আর মিথ্যে নয়। মেধা জিতুক, স্বপ্নের উত্তরণ হোক।'
NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। ছাত্র আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর মধ্য়েই প্রশ্নফাঁসকাণ্ডে চার্জশিট পেশ করেছে CBI। এই ঘটনায় আগেই ১৩জনকে গ্রেফতার করেছে তারা। আদালতে প্রশ্নফাঁস সম্পর্কিত মামলার শুনানি চলছে। আগেই প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী। দেশজোড়া ছাত্র-যুবদের ক্ষোভ সামলাতে হাই-পাওয়ার্ড কমিটি গঠন করেছে কেন্দ্র।
৬ মে এনটিএ প্রভিসনাল উত্তরপত্র প্রকাশ করার পর এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। ছাত্রছাত্রী ও কোচিং ইনস্টিটিউটগুলি "Guess Paper" এর বিষয়ে অভিযোগ তোলে। বলা হয়, গেস পেপার আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। তদন্তকারীরা পরে অভিযোগ করেন যে, পরীক্ষার আগেই, বিশেষ করে রাজস্থানে, হাতে লেখা একটি প্রশ্নব্যাঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল।
এনটিএ (NTA) রাজস্থান ও উত্তরাখণ্ড থেকে আসা অনিয়মের অভিযোগগুলি কেন্দ্রীয় সংস্থাগুলিকে হস্তান্তর করে। অন্যদিকে রাজস্থান পুলিশ দাবি করে যে, পরীক্ষার আগেই ৪০০-এর বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এর মধ্যে ১৩৫টি প্রশ্ন চূড়ান্ত প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। এই তদন্তের জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে আন্দোলনের জেরে নড়েচড়ে বসতে হয়েছিল কেন্দ্রকে। 'গুরুতর পাপ' - NEET প্রশ্ন ফাঁস নিয়ে NDA-র সংসদীয় দলের বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উল্লেখ করেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নিয়েছে। যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হয়েছে। ১৩ জন অভিযুক্ত এই মুহূর্তে হেফাজতে রয়েছে।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন যে, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসার পর থেকে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনায় ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে সরকার পুনরায় নিট পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়েই এর ফলাফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির






















