Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Indian Premier League:

নয়াদিল্লি: আইপিএলের (Indian Premier League) প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত স্টিফেন ফ্লেমিং। এক বছর সিএসকের হয়ে খেলার পর থেকে ২০০৯ সাল থেকে ফ্র্যাঞ্চাইজ়ির কোচের পদে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সুপার কিংসের অন্যান্য ফ্র্যাঞ্চাইজ়িতেও কোচিং করান ফ্লেমিং। তবে হলুদ বিগ্রেডের সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট কোচ হয়েছেন ফ্লেমিং। কোচের পদে অদল বদল ঘটা নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)।
ইংল্যান্ডের কোচের পদে স্বদেশীয় ব্র্যান্ডন ম্যাকালামের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন ফ্লেমিং। শোনা যাচ্ছিল ফ্লেমিংয়ের বদলে সিএসকের কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন ম্যাকালাম। অর্থাৎ সিএসকে এবং ইংল্যান্ডের কোচের পদে অদল বদল ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন বিশ্বনাথন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন যে সিএসকে বিদেশি কোচকেই দায়িত্ব দেবে।
Cricbuzz-কে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন জানান যে এ বিষয়ে সিএসকে ডিরেক্টর রূপা গুরুণাথ ফ্র্যাঞ্চাইজ়ি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে আলোচনা করে সিএসকের কোচ বাছাই করবেন। কোচ বাছাই হয়ে গেলে তারপরে সেইই ভবিষ্যতে কাকে দলে সই করা হবে, কাকে ছাড়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কাশী বিশ্বনাথন বলেন, 'আমরা নতুন খেলোয়াড় সই করার বিষয়ে এখনও ভাবনাচিন্তা শুরু করিনি। প্রথমত আমরা কোচ নিয়োগ করব। অনেকেই নিজের আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা এই বিষয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।'
আরও পড়ুন:- অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
ব্র্যান্ডন ম্যাকালাম একেবারেই আইপিএলের সঙ্গে অপরিচিত নন। তিনি অতীতে কেকেআর এবং সিএসকের মতো একাধিক দলের জার্সিতে খেলোয়াড় হিসাবে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। পরবর্তীতে তিনি কেকেআরের কোচিংও করান। তবে কেকেআরের কোচের দায়িত্ব ছেড়েই ইংল্যান্ডের দায়িত্ব নেন ম্যাকালাম। তিনি অবশ্য ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব ছাড়লেও, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্বে রয়েইছেন। তাই একটা জটিলতা থাকছে।
ম্যাকালামের পাশাপাশি সিএসকের কোচ হওয়ার দৌড়ে আরেক প্রাক্তন সিএসকে ক্রিকেটারের নামও উঠে আসছে। তিনি মাইকেল হাসি। হাসি ফ্লেমিং কোচিং ম্যানেজমেন্টের অঙ্গ ছিলেন। দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁকেও প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে।



















