Kolkata Knight Riders: চোট আঘাতে জর্জরিত কেকেআর বোলিং আক্রমণ, তাও অভয় দিচ্ছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো
Dwayne Bravo: উমরন মালিকদের মতো তরুণ কিন্তু অভিজ্ঞ বোলারদের সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশিই ডোয়েন ব্র্যাভো।

কলকাতা: আইপিএলের (IPL 2026) এ বারের মরশুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে হর্ষিত রানা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। মাথিশা পাথিরানাও কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা এখনও জানা নেই। এই দুই তারকা ফাস্ট বোলারের চোটই নাইট শিবির উদ্বেগ বাড়িয়েছে।
তবে নাইট সমর্থকদের অভয় দিচ্ছেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। দুই তারকা বোলারের চোট সমস্যা থাকলেও, কেকেআরের দলে এখনও কার্তিক ত্যাগী, উমরন মালিক, আকাশ দীপ, বৈভব আরোরার মতো একাধিক ফাস্ট বোলার রয়েছেন। দলের তারকা বোলারদের না থাকাটা নিঃসন্দেহেই হতাশার বলে মনে নিলেও, কেকেআরের বোলিং গভীরতায় আস্থা রাখছেন ব্র্যাভো।
প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে ব্র্যাভো জানান, ‘যে কোনও টুর্নামেন্টেই দলের গুরুত্বপূর্ণ বোলারদের হারাতে হলে কী করা হবে, সেটার পরিকল্পনা করা হয়। আর এগুলি মেনে নেওয়া ছাড়া তো আর কোনও বিকল্প নেই। তবে ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে বর্তমানে ভাল বিষয়টা হল এই দলে গভীরতা রয়েছে। তাই আমরা উমরনের মতো বোলারদের দিকে তাকিয়ে রয়েছি যারা এই সুযোগে ওই জায়গাটা ভরাট করবে। এরা তো অতীতে কোনও না কোনও সময় ভারতের হয়ে মাঠে নামার পাশাপাশি আইপিএলেও খেলেছে। ওরা তরুণ এবং প্রতিভাবান। তাই আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে এই ফাস্ট বোলিং বিভাগের সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশিই।’
ব্র্যাভো বৈভব আরোরার সম্প্রতি পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি কেকেআরের স্পিন বিভাগ কতটা শক্তিশালী, সেটাও মনে করিয়ে দেন। ‘আমাদের স্পিন বোলিং বিভাগটা গোটা টুর্নামেন্টের সেরা। তাই বোলিংয়ের দিক থেকে আমরা ঠিকঠাকই আছি বলে মনে হয়। পাশাপাশি বৈভবকেও ভুললে চলবে না, গত মরশুমটা ওর দারুণ গিয়েছিল। বিগত দুই বছর ধরে তো ও বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছে। তাই বলব যে হ্যাঁ নিঃসন্দেহেই আমরা কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছি, তবে আমাদের দলে তাদের অভাব পূরণ করার জন্য যথেষ্ট বিকল্প রয়েছে।’
২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কেকেআর নিজেদের আইপিএল মরশুম শুরু করবে। কীভাবে অজিঙ্ক রাহানেরা মরশুমটা শুরু করবে, এখন সেই দিকেই নাইট সমর্থকদের নজর থাকবে।



















