পুণের পিচ খারাপ, রিপোর্ট ম্যাচ রেফারি ক্রিস ব্রডের, বোর্ডের জবাব তলব

নয়াদিল্লি: জামথার পর পুণে। ভারতীয় ক্রিকেটে ফের মাথাচাড়া দিল পিচ বিতর্ক। সেবার নাগপুরের ২২ গজের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা বধ হয়েছিল ভারতের হাতে। আর, এবার পুণেতে ঘূর্ণি উইকেট ব্যুমেরাং হয়ে ফিরেছে টিম ইন্ডিয়ায়। অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হার। আর ম্যাচ শেষ হওয়ার তিনদিন পর আইসিসি-র বিস্ফোরক পিচ-রিপোর্ট। পুণের পিচ খারাপ, এমনই রিপোর্ট দিয়েছেন আইসিসি-র ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পুণে টেস্টে তিনিই ছিলেন ম্যাচ রেফারি। ক্রিস ব্রডের রিপোর্টে বলা হয়েছে, গোটা ম্যাচে আগাগোড়া পুণের পিচে অমসৃণ বাউন্স ছিল। স্পিনারদের অতিরিক্ত সহায়তা করেছে এই পিচ। বিশেষ করে ম্যাচের শুরুতে পিচে অতিরিক্ত ঘূর্ণি দেখা গিয়েছে। ইতিমধ্যেই আইসিসি-র এই পিচ-রিপোর্ট পাঠানো হয়েছে বিসিসিআই-কে। ১৪ দিনের মধ্যে জবাবদিহি করতে হবে ভারতীয় বোর্ডকে। বিসিসিআইয়ের জবাব খতিয়ে দেখবেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ও আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে। তারপরই উপযুক্ত ব্যবস্থা নেবেন তাঁরা। অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই ০-১-এ পিছিয়ে। তার উপর আইসিসি-র পিচ-রিপোর্ট বোমা। বেকায়দায় ভারতীয় বোর্ড।





















