AC vs Cooler: প্রচন্ড গরম, এসি কিনবেন নাকি পকেটে চাপ কমাতে কুলারেই ভরসা?
Air Conditioners or Cooler: এয়ার কুলারের দাম কম এবং এয়ার কুলারে বিদ্যুৎ খরচাটাও বেশ অনেকটা কম। কিন্তু এসি নাকি এয়ার কুলার? ঠিক কোনটা আপনার কেন উচিত, জানেন কি?

কলকাতা: সময় যতো যাচ্ছে ভারতে প্রভাব বাড়ছে গ্রীষ্মকালের। আর সেই সঙ্গে বাড়ছে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রাও। ফলে বর্তমানে মানুষের কাছে এসি কেনাটা একটা জরুরি প্রয়োজনের মধ্যেই প্রায় এসে গিয়েছে। আবার এমন অনেক মানুষই আছেন যাঁরা এসি কেনার আগেও কিন্তু বহুবার ভাবেন। আর তার একটাই কারণ, সেই সমস্ত মানুষের উপার্জন খুব বেশি হয়। ফলে, এসির দামের কারণেই তাঁরা চিন্তা করেন, এসি কেন ঠিক হবে কি না। একটা ভাল এসি কিনতে গেলে বেশ অনেকটা টাকা খরচ হয়। এ ছাড়াও রয়েছে ইলেকট্রিসিটি বিল। সেটাও কিন্তু ওই ব্যক্তিকেই দিতে হয়। ফলে কোনও মানুষ এসি কেনার আগে বহুবার ভাবেন। যে এসিটা কেনা ঠিক হবে? নাকি এই গরমটাও এসি ছাড়াই কাটিয়ে দেবেন।
আবার এমন অনেক মানুষও রয়েছেন যাঁরা এসি না কিনে সেই জায়গায় এয়ার কুলার কেনার কথাও চিন্তা করেন। কারণ এয়ার কুলারের দাম কম এবং এয়ার কুলারে বিদ্যুৎ খরচাটাও বেশ অনেকটা কম। কিন্তু এসি নাকি এয়ার কুলার? ঠিক কোনটা আপনার কেন উচিত, জানেন কি?
প্রথমেই জেনে রাখার প্রয়োজন, এসি এবং এয়ার কুলার এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কাজের পদ্ধতিতে। এয়ার কুলার সাধারণত জল বা জলীয়বাষ্প ভিত্তিক ইভাপোরেটিভ কুলিং প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ জলকে বাষ্পীভূত করে সেই বাষ্পীভবনের মাধ্যমে তাপমাত্রা কমায় এয়ার কুলার। এই ব্যাপারটা কিন্তু শুকনো গরমে খুব ভাল কাজ করে। অন্যদিকে এয়ার কন্ডিশনার কী করে? এয়ার কন্ডিশনার কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট গ্যাসের মাধ্যমে ঘরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই কমিয়ে ফেলে। ফলে ঘর যদি বন্ধ রাখেন, সেই ক্ষেত্রে বন্ধ ঘরে কিন্তু এসি চালানোই কার্যকরী। আর যদি ওপেন স্পেস বা খোলা কোনও জায়গা, যেখানে বায়ু চলছে, সেই জায়গা ঠান্ডা রাখতে চান তাহলে কিন্তু এয়ার কুলার খুব ভাল।
এছাড়াও আপনি কতটা তাপমাত্রা কমাতে চাইছেন সেদিকটাও আপনাকে দেখতে হবে। আপনি যদি আপনার ঘরের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবে এসি। এয়ার কুলার পরিবেশের যা তাপমাত্রা, তার থেকে ৫ ডিগ্রি বা ১০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে। আবার যদি বায়ুর আর্দ্রতা বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এতটা তাপমাত্রাও কমাতে পারে না এয়ার কুলার। অর্থাৎ যদি গরমকাল শুকনো হয়, তাহলে কিন্তু এয়ার কুলার ৫ বা ১০ ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দেয়। অন্যথায় এসি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে।
এবার আপনি যদি বিদ্যুৎ খরচের দিক দিয়ে হিসেব করেন, তাহলে কিন্তু এয়ার কুলারে গোটা মাসে হয়তো ১০০ থেকে ২০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সেখানে এসিতে কিন্তু ১ হাজার থেকে ২ হাজার ওয়াট বা তার বেশি ইলেকট্রিক খরচ হতে পারে। ফলে একটা এয়ার কুলার প্রত্যেক মাসে আপনাকে পাঁচশো থেকে আটশো টাকা হয়তো বাড়তি ইলেকট্রিসিটি বিল দিতে পারে। সেখানে এসি থাকলে এই বাড়তি টাকার অঙ্কটা খুব সহজেই ৫ হাজার বা ৬ হাজার টাকা পেরিয়ে যেতে পারে।
এছাড়া আরও একটা ব্যাপার আছে, দাম। একটা এয়ার কুলারের দাম সাধারণত ৭ হাজার বা ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর যদি কোনও অফার থাকে তাহলে তো হয়তো আরও কমে পেয়ে গেলেন। এ ছাড়াও আরও একটা দিন থেকে এয়ার কুলার সস্তা। এর ইনস্টলেশনেরও কোনও প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এসি কিনতে চান তাহলে হয়তো অন্তত ২৫ হাজার টাকা আপনার খরচ হবে। এবার এই দামটা আপনার বাড়তে পারে আপনি কত টনের এসি নিচ্ছেন বা আপনার এসি ৩ স্টার নাকি ৫ স্টার নাকি ইনভার্টার এসি। আপনার যদি ঘর বড় হয় এবং আপনি যদি চান আগামীতে বিদ্যুতের খরচ কমাতে সেই ক্ষেত্রে আপনাকে বেশি টনের এসি নিতে হবে এবং ফাইভ স্টার বা ইনভার্টার এসি নিতে হবে। আর এরকম হলেই এসির দামও বাড়তে থাকে। এছাড়াও এসিতে রয়েছে ইনস্টলেশনের খরচ এবং রক্ষণাবেক্ষণের খরচ।
এরপর যেটা আসে সেটা হচ্ছে আর্দ্রতা। একটা কুলার কিন্তু ঘরের আর্দ্রতা বাড়িয়ে দেয়। আর সেই কারণে শুষ্ক অঞ্চল উত্তর ভারতের দিল্লি বা রাজস্থান এরকম কোনও জায়গায় কুলার খুব কার্যকরী। কিন্তু আপনি যদি কলকাতা, মুম্বাই বা চেন্নাইয়ের মতো শহরে থাকেন, যেখানে রাস্তায় বেরোলেই খুব ঘাম হয়, অর্থাৎ আর্দ্র আবহাওয়ার জায়গা, সেখানে কিন্তু কুলার খুব একটা ভাল কাজ করে না। এইরকম জায়গায় কিন্তু এসি প্রয়োজন হয়। কারণ এসি বাতাসকে শুষ্ক করে এবং ঘাম যাতে না হয় সেই ব্যবস্থা করে এবং ঘরের আবহাওয়া ঠান্ডাও করে।
তাহলে এসি কিনবেন না কুলার কিনবেন এটা শুধু আপনার পকেটের ওপর বা আপনার ক্ষমতার ওপর নির্ভর করছে না। আপনি কোন জায়গায় থাকেন, আপনি কতটা ঠান্ডা চান, আপনি কতটা খরচ করতে পারবেন এই সমস্ত কিছু দেখে নিয়ে তারপর এই সিদ্ধান্ত নিন। এই গরমে এসি কিনবেন নাকি কুলার কিনবেন?






















