জমি দখল করে বেআইনি নির্মাণ, লোকায়ুক্তর কড়া অবস্থান
প্রাক্তন প্রধান, উপপ্রধান সহ ৩ জনের বিরুদ্ধে শুরু করতে হবে ফৌজদারি মামলা। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পাশাপাশি, ক্ষতিপূরণ দিতে হবে অভিযোগকারিণীকে। প্রায় ১৮ বছর আগের দক্ষিণ ২৪ পরগনার একটি মামলায় ডায়মন্ড হারবারের মহকুমাশাসককে কড়া সুপারিশ করলেন পশ্চিমবঙ্গ লোকায়ুক্তের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। জোর করে জমি দখল করে তাতে বাড়ি নির্মাণের দায়ে অভিযুক্ত প্রতিবেশী, এবং তাকে মদত দেওয়ার দায়ে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর সুপারিশ করেছে লোকায়ুক্ত। ২০০৯ সালে মামলাটি লোকায়ুক্তের কাছে আসে। লোকায়ুক্তর রিপোর্টে বলা হয়েছে - ২০০৯ এর ১৬ ফেব্রুয়ারি লোকায়ুক্ত বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত সম্পর্কে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতির মতামত জানতে চাওায় হয়। কিন্তু তার পর থেকে ২০১৯ পর্যন্ত রাজ্যে কোনও লোকায়ুক্ত না থাকায় বিষয়টি এগোয়নি। ২০১৯ এর জানুয়ারিতে ফের লোকায়ুক্ত নিয়োগের পর শুরু হয় বয়ান নেওয়া। সাক্ষী হিসাবে বয়ান নেওয়া হয় তৎকালীন পঞ্চায়েত প্রধান, বিডিও মন্দিরবাজার এবং ভূমি ও ভূমি রাজস্ব অফিসারের। ডায়মন্ড হারবারের এসডিও-র সঙ্গেও কথা বলা হয়।

















