Murshidabad : গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী
গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। গতকাল সন্ধেয় জঙ্গিপুরের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। অভিযুক্ত জেনারুলকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।






















