South 24 Parganas Shootout: তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী
এবার দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে শ্যুটআউট। হটুগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তোলা না দেওয়ায় হামলা বলে
দাবি করেছেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ঘটনায় মূল অভিযুক্ত, কুখ্যাত দুষ্কৃতী রেজাউল লস্করকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া ৮টা নাগাদ মুদিখানার দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী গোপীনাথ ওরফে নিখিল সাহা। অভিযোগ, সেইসময় দুই দুষ্কৃতী দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দোকান লক্ষ্য করে বোমা ছুড়ে তারা পালায়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। রাতেই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে। জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
























