Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
দেশ জুড়ে রথে থাকেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা। কিন্তু বীরভূম জেলার তারাপীঠের ছবিটা একেবারেই আলাদা। এখানে রাজবেশে রথে চেপে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা। আর এবছর সেই ঐতিহ্যবাহী রথযাত্রা পেতে চলেছে নতুন মাত্রা। পুরনো রথ নষ্ট হয়ে যাওয়ায়, মা তারার জন্য নির্মিত হয়েছে সম্পূর্ণ নতুন রথ। ঐতিহ্য বজায় রাখতে পুরনো রথের শুধুমাত্র দুটি চাকা ও ধুরি সংরক্ষিত হয়েছে নতুন রথে। বাকি প্রায় সম্পূর্ণ কাঠামো উন্নত মানের সেগুন কাঠ দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে । তারাপীঠে মা তারাই সব। বীরভূমবাসীর কাছে তিনিই প্রভু জগন্নাথের প্রতিভূ। সোজা রথ থেকে উল্টো রথ, দুই পর্যায়ের রথেই রাজবেশে সেজে ওঠেন হন মা তারা। প্রতিবছর এই অপরূপ দৃশ্য দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান তারাপীঠে।

















