West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
একে ভোটের বাজার। তার ওপর তিনি আবার প্রার্থী। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ অবশ্য খাওয়াদাওয়া করেন মেপে। পাতে অবশ্যই থাকে মাছ।
রাজ্য বিজেপির যুব মোর্চার ভার তাঁর কাঁধে। আবার পেশাগতভাবে তিনি চিকিৎসক। রোগী এবং রাজনীতি - সময় দিতে হয় দু'ক্ষেত্রেই। তাই নাওয়া-খাওয়ার সময় বড্ড কম। এবারের বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁ-কে প্রার্থী করেছে বিজেপি। তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্য়ায়। প্রচারে ঝাঁপাতে হচ্ছে পুরোদমে। তার মধ্যে খাওয়াদাওয়া ঠিক না রাখলেই নয়। তার ওপর নিজেও চিকিৎসক। তাই খাওয়াদাওয়াও করেন মেপে। ব্রেকফাস্টে ইন্দ্রনীল খাঁ খান চা, বিস্কুট আর ডিমসিদ্ধ। দুপুরের খাবারে থাকে ভাত, ডাল, সবজি, পনির ও মাছ।
প্রশ্ন- এখন কি বিজেপি প্রার্থীদের পাতে মাছ রাখাটা স্ট্র্যাটেজি হয়ে গেছে? কারণ বলা হচ্ছে যে বিজেপি আসলে মাছ-মাংস খাওয়া বন্ধ হবে। এটা কি পার্টির নির্দেশ?
ইন্দ্রনীল খাঁ বলেন, 'এটা তৃণমূলের ভুয়ো রটনা। এরকম কিছু না। আমি মাছ খেতে ভালবাসি। রোজ মাছ খাই। ভেটকি, কাতলা, চিংড়ি, পাবদা খেতে ভালবাসি।' সন্ধেবেলা তেমন কিছুই খান না বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। রাতে ভাত খেলে, সঙ্গে থাকে মাছ।
পুষ্টিবিদেরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ-মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন-এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আর এইসব খাবারই এনার্জি জুগিয়ে ভোটের বাজারে প্রার্থীদের দৌড় করাচ্ছে দিনভর।






















