WB Election 2021: "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করা জরুরি", তৃণমূলে যোগ দিয়ে জানালেন যশবন্ত
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ব্রায়েনের উপস্থিতিতে যোগদান করেন বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত সিন্হা। তৃণমূলে যোগদানের পর তিনি জানান, দেশ অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখন বিপদের মুখে। দেশের প্রায় সব প্রতিষ্ঠান এখন দুর্বল। এখন দুর্বল দেশের বিচারব্যবস্থাও। বিজেপিত্যাগী নেতার অভিযোগ, স্বেচ্ছাচার চালাচ্ছে মোদি সরকার। এই সরকারকে বাধা দেওয়ার মতো কেউ নেই। মোদি-শাহ দিল্লি থেকে যা করছেন, তা দেশবাশী বরদাস্ত করবে না। শুধু বাংলায় নয়, দেশের ভবিষ্যতের পক্ষে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী। তাঁর দাবি, ২০২৪-এ পরিবর্তনের সূচনা হবে বাংলা থেকেই।






















