West Bengal Elections 2021: প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা, রাজ্যে ভোটদাতার সংখ্যা বাড়ল ২০ লক্ষাধিক
প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী রাজ্যে এবার ভোটার সংখ্যা বেড়েছে ২০ লক্ষের বেশি। এরই মধ্যে আগামী বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে বিধানসভা ভোট কি এপ্রিলের মধ্যেই? ফেব্রুয়ারির মাঝামাঝি কি ঘোষণা করা হবে নির্বাচনের নির্ঘণ্ট? এই নিয়ে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই ভোটের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত তৎপরতা নির্বাচন কমিশনের।
রাজ্যে এবার ভোটার সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩।
বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ গেছে ৫ লক্ষ ৯৩ হাজার ৯২১ জন ভোটারের নাম।
রাজ্যে মহিলা ভোটার ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন।
পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।
সবমিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০।
নতুন ভোটারের সংখ্যা ১.১৪ থেকে বেড়ে হয়েছে ২.৬৮ শতাংশ।





















