TMC News: টাকা নিয়ে দলবদলের অভিযোগে মহুয়ার পোস্ট, 'ঘুষের' অতীত মনে করিয়ে পাল্টা তোপ শতাব্দী রায়ের
তৃণমূলে ভাঙনের আবহে টাকা নিয়ে দলবদলের অভিযোগ তুলেছেন সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি তাঁর দাবি, কালীঘাট-তৃণমূলের কয়েকজন সাংসদ অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন এখনও। এক সময়ের সহকর্মী, সহযোদ্ধা... আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন!'কালীঘাট-তৃণমূল' থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার ২০ জন সাংসদ NCPI-র সঙ্গে মিশে গেছেন। সমর্থন করবেন NDA-কে।এই প্রেক্ষাপটেই সোশাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র।তিনি লেখেন, আমাদের (TMC-র) বিশ্বাস, (দলত্যাগের জন্য) অগ্রিম ৪ কোটি টাকা এবং পরবর্তী ৩৬ মাসের জন্য প্রতি মাসে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল। হানি প্লাস মানি... পাল্টা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই প্রেক্ষাপটে এবার মহুয়া মৈত্রের অতীত মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন সাংসদ শতাব্দী রায়!

















