SBI Cyberattack : হাজার-হাজার গ্রাহকের তথ্য় চুরি গেছে, স্টেট ব্যাঙ্কে হয়েছে সাইবার হামলা, গ্রাহকদের কী ক্ষতি ?
SBI Confirms Cyberattack : SBI জানিয়েছে, ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাহকের নাম , ফোন নম্বর, পরিচয়পত্র, ঋণের বিবরণের মতো তথ্য।

SBI Confirms Cyberattack : আশঙ্কাই সত্যি হল, সাইবার হামলার বিষয়ে স্বীকার করে নিল স্টেট ব্যাঙ্ক (State Bank of India) । দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে চুরি গেছে হাজার-হাজার গ্রাহকের তথ্য। SBI জানিয়েছে, ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাহকের নাম , ফোন নম্বর, পরিচয়পত্র, ঋণের বিবরণের মতো তথ্য।
কী বলা হয়েছে ব্যাঙ্কের তরফে
সম্প্রতি ব্যাঙ্কের নথি চুরির বিষয় স্বীকার করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সংস্থার তরফে জানানো হয়েছে, সাইবার হামলার ফলে ব্যাঙ্কের গ্রাহক নথি প্রকাশ্যে চলে এসেছে। স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্ক জানিয়েছে, তাদের অনুমান ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত সনাক্তকরণের তথ্য় রয়েছে এই চুরি যাওয়া নথির মধ্যে। ব্যাঙ্ক জানিয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের কাজ, আর্থিক ক্ষমতা বা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার ওপর কোনও প্রভাব পড়বে না।
কাদের থেকে আসে সাবধানতার বার্তা ?
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গত ১৬ অক্টোবর এই হামলার বিষয়ে তারা ডিফেন্স সাইবার এজেন্সি ও ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT)-এর তরফে এই বিষয়ে প্রথমে তাদের সতর্ক বার্তা পাঠানো হয়। এই বিষয়ে প্রাথমিকভাবে ডার্ক ওয়েবে ৩,৭৫,০০০টি রেকর্ডের মধ্য়ে ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা সনাক্ত করতে পেরেছে কর্তৃপক্ষ। ফাঁস হওয়া তথ্য়ের মধ্যে গ্রাহকদের মোবাইল নম্বর, জন্মের তারিখ, নাম, লিঙ্গ, ইমেল অ্যাড্রেস, ঠিকানা রয়েছে।
নথিপত্র বলছে, ফাঁস হওয়া এই রেকর্ডের মধ্য়ে ব্যাঙ্কের শাখার তথ্য, কাস্টমার ইনফরমেশন ফাইল, CIF সনাক্তকারী নম্বর, লিড আইডি, লোন সংক্রান্ত তথ্য় ছাড়াও প্রাসঙ্গিক ফাইলের যাবতীয় তথ্যও রয়েছে।
তবে সাইবার হামলার বিষয়ে স্বীকার করলেও কোন গোষ্ঠী এই হ্যাক করেছে তার নাম বলেনি ব্যাঙ্ক। যদিও 'সিরিউসিম' নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করে , স্টেট ব্যাঙ্কের ৩,৭৫,০০০টি নথি হ্যাক করেছে তারা।
কী কারণে গ্রাহকদের চিন্তা বাড়তে পারে ?
সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে সাইবার সিকিউরিটি অ্যাকাউন্ট CyberPulse56 । যেখানে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩,৭৫,০০০ গ্রাহকের গোপন তথ্য় চুরি গেছে। এই দাবি করেছে হ্যাকার গ্রুপ সিরিউসিম। তাদের দাবি, ২৭২২টি পিডিএফ ফাইল হাতে এসেছে তাদের। যার মধ্যে SBI গ্রাহকদের গোপন তথ্য রয়েছে।






















