Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Abhishek Banerjee Sevashray Controversy: সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের।

সন্দীপ সরকার, কলকাতা : অবৈধভাবে মেডিক্যাল ক্যাম্প চালানোর অভিযোগ আগেই উঠেছে। সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এবার মুখ খুললেন সেবাশ্রয়ে অংশ নেওয়া এক ইন্টার্ন। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি।
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের। তাঁর অভিযোগ, 'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ। সেবাশ্রয়ে ক্যাম্পে গেলে দেওয়া হবে অভিষেকের দেওয়া শংসাপত্রও। সেবাশ্রয়ের হোয়াটস অ্যাপ গ্রুপে পাঠানো হয় গুগল ফর্ম। বলেছিল নিজের বিস্তারিত নাম, ঠিকানা, ফোন নম্বর ওই ফর্মে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে শংসাপত্র পাঠাবেন বাড়ি বাড়ি'। ক্যাম্পের পর মেলেনি শংসাপত্র ও টাকাও, অভিযোগ ইন্টার্নের। 'প্রেসক্রিপশনে নিজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লেখার দরকার নেই। শুধু সই করলেই চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়। সেবাশ্রয়ের ক্যাম্পে ছিল না কোনও সিনিয়র চিকিৎসক। সমস্ত ইন্টার্ন, হোমিওপ্যাথি, MBBS পড়ুয়াদের দিয়ে চলছিল ক্যাম্প। ক্যাম্প থেকে কিছু নির্দিষ্ট ওষুধ দিতে বলা হয়েছিল', সেবাশ্রয় নিয়ে অভিযোগ ডায়মন্ড হারবারে ক্যাম্পে যাওয়া মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের।
দেবজিৎ জানা, সেবাশ্রয়ে অংশ নেওয়া ইন্টার্ন অভিযোগ করে বলছেন, 'তখন ইন্টার্নশিপ করছিলাম আমি। পুরো স্পেশালিটি তো আমার হয়নি যে, পুরোটা দেখব। চিকিৎসক, ওষুধ, ডায়গনাস্টিক টেস্ট থেকে আর্থিক দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়ে' নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সেবাশ্রয় ক্যাম্পে যোগ দেওয়া এক চিকিৎসক, যিনি সেই সময় মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছিলেন।
জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ইন্টার্ন অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে রোগী দেখতে পারেন। কিন্তু সেটা হতে হবে সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে অভিযোগ উঠেছে যে, সেখানে কোনও সিনিয়র ডাক্তারই ছিলেন না। আর এই প্রেক্ষাপটেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন দেবজিৎ জানা। যিনি সেবাশ্রয় ক্যাম্পে একজন ইন্টার্ন হিসেবে রোগী দেখেছিলেন। দেবজিৎ জানা, সেবাশ্রয়ে অংশ নেওয়া ইন্টার্ন বলছেন, 'ওখানে গিয়ে দেখলাম প্রচুর রোগী। হেল্প করার কেউ ছিল না। যা আছে নিজেই দেখতে হচ্ছিল। আমাকে বসিয়েছিল একটা ডিপার্টমেন্টে, অন্য ডিপার্টমেন্টেরও রোগী আসছিল। গাইনিরও আসছিল, অর্থোপেডিক্সও আসছিল। পুরো স্পেশালিটি তো আমার হয়নি যে, পুরোটা দেখব। যেটুকু পেরেছি ওইটুকু করেছি। না ওখানে সেরকম সিনিয়র ছিল না।'
সেবাশ্রয়ে যোগ দেওয়া দেবজিৎ জানার দাবি, দৈনিক মোটা টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা শংসাপত্রের টোপ দিয়ে ইন্টার্ন থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হত সেবাশ্রয় ক্যাম্পে। শংসাপত্রের জন্য ফর্মও ফিলাপ করানো হয়েছিল সেবাশ্রয়ে অংশ নেওয়া ইন্টার্নদের দিয়ে। দেবজিৎ বলছেন, 'বলা হয়েছিল যে, প্রত্যেক দিন ৫ হাজার টাকা করে দেবে। এক টাকাও পাইনি। ওখানে একটা ডক্টরস ফর্ম দিয়েছিল যে, তুমি এরকম ছিলে, কদিন করেছ, এরকম থাকবে। তার জন্য একটা সার্টিফিকেটও দেবে। কিছুই সেরকম দেয়নি। একটা গুগল ফর্ম ছিল, হোয়াটসঅ্যাপে দিয়েছিল আমাদের। দেবে বলেছিল, কিন্তু আর কিছুই পাইনি।'
দেবজিৎ আরও বলছেন, 'আমরা তো প্রথম কথা রেজিস্ট্রেশন পাইনি, তাই দিইনি। বলেছিল কিছু লিখতে হবে না, সই করে দিলেই হয়ে যাবে। না সেটা তো বৈধ নয়। রেজিস্ট্রেশন নম্বর, নাম এগুলো তো লাগবেই। একটা মেডিসিন লিস্ট দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকেই দিচ্ছিলাম, ওষুধ যতটুকু হয়। যথেষ্ট তো ছিল না।'






















