TMC Leader : স্কুলের মাঠ দখল করে ইট-বালি মজুত ! বাঁকুড়ায় তৃণমূল নেতার দাদাগিরি
Bankura : কিছুদিনের জন্য রেখেছিলাম, সরিয়ে নেব, চাপের মুখে পড়ে সাফাই দিয়েছেন অভিযুক্ত শাসক-নেতা। প্রভাব খাটিয়ে স্কুলের মাঠে ব্যবসা করছেন তৃণমূল সদস্য, অভিযোগ করেছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ে তৃণমূল নেতার দাদাগিরি। স্কুলের মাঠ (school Ground) দখল করে ইট-বালি মজুত করার অভিযোগ উঠল। বারবার বলেও মাঠ দখল রুখতে না পেরে, পুলিশের (Police) দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
অভিযোগ, বছর দেড়েক ধরে বেলিয়াতোড় হাইস্কুলের মাঠ দখল করে ইমারতি সামগ্রী রাখছেন বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য আকুল মিত্র। বারবার বলেও কাজ না হওয়ায়, শনিবার বেলিয়াতোড় থানায় অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিছুদিনের জন্য রেখেছিলাম, সরিয়ে নেব, চাপের মুখে পড়ে সাফাই দিয়েছেন অভিযুক্ত শাসক-নেতা। প্রভাব খাটিয়ে স্কুলের মাঠে ব্যবসা করছেন তৃণমূল সদস্য, অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জানা যাচ্ছে, বাঁকুড়ার বেলিয়াতোড় হাইস্কুল সংলগ্ন একটি ফুটবল মাঠ রয়েছে। স্কুলের পড়ুয়ারা সেই মাঠে খেলাধtলা করে। বছর দেড়েক আগে সেই মাঠের একাংশ দখল করে ইট, বালি, পাথর সহ ইমারতি সামগ্রী রাখতে শুরু করেন স্থানীয় বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আকুল মিত্র। অভিযোগ প্রায় দেড় বছর ধরে সেই ইমারতি সামগ্রী পড়ে থাকলেও তা অন্যত্র সরানোর নাম করেননি ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই পঞ্চায়েত সদস্য স্কুলের মাঠ দখল করে দিনের পর দিন ইমারতি সামগ্রীর ব্যবসা করে চলেছেন বলেও অভিযোগ। মাঠের একটা বড় অংশ দখল করে ইমারতি সামগ্রী রাখায় কার্যত বন্ধ হয়ে যায় স্কুল পড়ুয়াদের খেলাধূলা। সমস্যায় পড়ে স্কুল কর্তৃপক্ষ ওই আকুল মিত্রকে ইমারতি সামগ্রী স্কুলের মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারপরও ইমারতি সামগ্রী না সরানোয় স্কুলের তৃনমূল পরিচালিত পরিচালন সমিতি হস্তক্ষেপ করে।
পরিচালন সমিতির সভাপতি ইমারতি সামগ্রী সরানোর জন্য আকুল মিত্রকে অনুরোধ করতে গেলে তাঁদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত সদস্যর এই দাদাগিরির প্রতিবাদে ও স্কুলের মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়ে এরপর স্কুল পরিচালন সমিতি দ্বারস্থ হয় স্থানীয় বেলিয়াতোড় থানার (Beliator Police Station)। স্কুল পরিচালন সমিতির দাবী থানার দ্বারস্থ হয়েও এখনও কাজের কাজ কিছু হয়নি। সেখানেও প্রভাব খাটাচ্ছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য কটাক্ষ বিজেপির। বিজেপির দাবি তৃণমূল নেতার দাদাগিরির বিরুদ্ধে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
আরও পড়ুন- বাঁশ, লোহার রড দিয়ে আক্রমণ, পতাকা লাগানো নিয়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তপ্ত মিনাখাঁ
Before You Go
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে





















