Howrah News: রাস্তা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ তুলতে 'বেধড়ক লাঠিচার্জ' পুলিশের !
Howrah Protest News: অনুরোধের পরও না ওঠায় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে তুলে দেয় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার উদয়নারায়ণপুরে।

সুনীত হালদার, হাওড়া - উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাস্তায় ইট ফেলে অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অনুরোধের পরও না ওঠায় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে তুলে দেয় পুলিশ।
ভোটের মুখে রাস্তা না হওয়ার প্রতিবাদে ধুন্ধুমার হাওড়ার উদয়নারায়ণপুরে। কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। রাস্তার উপর গাছ কেটে ফেলে রাখা হয়। সূত্রের খবর, প্রথমে গ্রামবাসীদের অবরোধ তুলতে অনুরোধ করা হয়। কিন্তু সেই অনুরোধে কাজ হয়নি। বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। শুরু হয় যানজট। শেষ পর্যন্ত অবরোধ তুলতে লাঠি হাতে কার্যত রণং দেহি ভূমিকায় দেখা যায় পুলিশকে। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। শেষ পর্যন্ত অবরোধ উঠে যায়। যান চলাচল শুরু হয় স্বাভাবিক ভাবেই।
বিগত কয়েক মাসে বেশ কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে হাওড়ার নাম
শুরুটা হয়েছিল গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা এলাকা দিয়ে। প্রকাশ্য দিবালোকে ভিড় রাস্তায় একজন তরুণ প্রোমোটারকে গুলি করে খুন করা হয়েছিল। মৃতের পরিবার অভিযোগ তোলে, তোলাবাজির টাকা না দেওয়ায় খুন হতে হয়েছে তাঁদের ছেলেকে। মূল অভিযুক্ত হিসেবে এই ঘটনায় যে দু'জনের নাম জড়িয়েছিল, তাদের মধ্যে একজনের সঙ্গে শাসকদলের নেতার ছবি দেখা যায়। এক শাসক নেতার বাইকের পিছনে দেখা যায় আততায়ীকে। আবার শাসক দলের নেতার অনুষ্ঠানের মঞ্চেও দেখা গিয়েছিল ওই অভিযুক্তকে। বেশ কিছুদিন ফেরার থাকার পর মূল ২ অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ।
কয়েকদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় চলেছিল গুলি
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় সালকিয়া চৌরাস্তার কাছে গুলি চলেছিল কিছুদিন আগে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে, একটি রেস্তোরাঁয় দুই দুষ্কৃতী আকাশ যাদব এবং ভিকি দোলুইয়ের সঙ্গে বসেছিল রাহুল পাল নামে এক ব্যক্তি। সেখানে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আকাশ যাদব রাহুল পালকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান রাহুল। গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশ আকাশ যাদব ও ভিকি দোলুইকে আটক করে। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্তরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ।






















