Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Dilip On Taslima Nasrin Joy Goswami Chaos: তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, প্রতিক্রিয়া দিলীপের

কলকাতা: প্রায় দু'দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। রবীন্দ্রসদনের অনুষ্ঠানে কবি জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা। হইচই দর্শকদের একাংশের। মঞ্চের দিকে এগিয়েও, হইচইয়ের জেরে মঞ্চে না উঠেই দর্শকাসনে ফিরে যান কবি। ঘটনার জেরে মঞ্চে বলতে উঠতে থমকে যান তসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান লেখিকা। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। এই প্রসঙ্গ মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ‘একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তাঁর লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে। আমরাও সহমত, এমন নয়। কিন্তু তিনি কলকাতার মতো মহানগরীতে এসেছিলেন…তাঁকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাঁড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার, তাঁকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে, যারা এর বিরোধীতা…মানে ওনাকে তাঁড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধীতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে ? মঞ্চে তো সম্মান দেওয়া উচিত নয়। তাই স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেক্যুলারিজমের নামে, যারা বড় বড় কথা বলত, বাঙালির নামে, তাঁরা…তসলিমা নাসরিন কি বাঙালি নন ? তাহলে কেন দাঁড়ায়নি ? আর এই কবি-সাহিত্যিকরা তখন মৌন ছিলেন। মানুষ সব দেখছে। তার প্রতিবাদ হয়েছে।’
বাম আমলে বিতাড়িত হয়ে, ১৯ বছর পরে বিজেপি জমানায় কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। শনিবার লেখিকাকে দেওয়া হল সম্বর্ধনা। আমি কলকাতায় ফিরেছি- এই বাক্য উচ্চারণ করতে প্রায় ১৯ বছর লেগেছে। মন্তব্য লেখিকার। বললেন, ভয় চিরস্থায়ী নয়, বন্ধ দরজা চিরকাল বন্ধ থাকে না। বন্ধনমুক্ত বাংলায় সকলকে স্বাগত, ধমক চমক এখন অতীত- মন্তব্য মুখ্যমন্ত্রীর। চোখ দু'টোর দিকে যখনই তাকাই, মনে হয় ওই চোখ বুঝি দু'হাজার বছর ধরে চিনি।'কলকাতার প্রেম' কবিতায় লিখেছিলেন তসলিমা নাসরিন।১৯ বছর আগে যে কলকাতা তাঁকে ফিরিয়ে দিয়েছিল, সেই তিলোত্তমাই আপন করে নিল নির্বাসিত কবিকে। বাম আমলে বিতাড়িত লেখিকা প্রায় ২ দশক পর ফিরলেন এই শহরে। লেখিকা তসলিমা নাসরিন বলেন, আজ আমি কলকাতায় ফিরে এসেছি- এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। 'শনিবার রবীন্দ্রসদনে লেখিকাকে সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী।






















