Malda News : মৌসম কংগ্রেসে ফিরতেই বিরাট ভাঙন হাত শিবিরে, দলে দলে গেলেন তৃণমূলে
২০২৬ এর রাজ্যের ভোটের আগে, কংগ্রেসেই ফিলেন তিনি। কিন্তু মৌসম বেনজির নুরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরে গেল।

অভিজিৎ চৌধুরী, মালদা : বছর শুরুতেই তৃণমূলে ধাক্কা। ছাব্বিশের ভোটের আগে, কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর। মেয়াদ শেষের ৪ মাস আগেই তৃণমূল ছাড়লেন রাজ্য়সভার সাংসদ মৌসম বেনজির নুর। ২০১৯ সালে, লোকসভা ভোটের ঠিক আগে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নুর। আর এবার , ২০২৬ এর রাজ্যের ভোটের আগে, কংগ্রেসেই ফিলেন তিনি। কিন্তু মৌসম বেনজির নুরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরে গেল।
তৃণমূলে যোগদান করলেন ৭০০ জন কর্মী
চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পাঁচজন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একাধিক পদস্থ নেতা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৭০০ জন কর্মীও।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখে দলবদল : TMC
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের একাধিক নেতা-কর্মী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখে দলবদল বলে দাবি করেছে তৃণমূল। কোনও প্রভাব পড়বে না বলে পাল্টা দাবি করেছে কংগ্রেস।
মৌসম কংগ্রেসে ফেরার জের ?
মালদা একসময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। ২০১৪-র লোকসভা নির্বাচনে মালদা উত্তর আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন প্রয়াত কংগ্রেস বিধায়ক রুবি নূরের মেয়ে ও গনি খান চৌধুরীর ভাগ্নী মৌসম বেনজির নুর। কিন্তু, ২০১৯-এর লোকসভা ভোটের মুখে সেই মৌসমই যোগ দেন তৃণমূলে। উনিশের লোকসভা ভোটে, মালদা উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ান মৌসম বেনজির নুর। কিন্তু তিনি জিততে পারেননি। এরপর, ২৪-এর লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়নি মৌসমকে। চব্বিশের ভোটে, মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন, কংগ্রেসের ঈশা খান চৌধুরী। শনিবার, তাঁর উপস্থিতিতেই, বোন মৌসম ফিরলেন কংগ্রেসে। আর তারপর আবার ভাঙন ধরল কংগ্রেসেই। এই নিয়ে মালদায় রাজনৈতিক অলিন্দে আলোচনা তুঙ্গে।
Before You Go
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত





















