Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana Complaint Portal: যোগ্য হওয়ার পরও টাকা পাননি ? অযোগ্য হয়েও টাকা পাচ্ছেন ? দুই ক্ষেত্রেই এই নতুন পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে পারেন যে কেউ।'

কলকাতা: অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকার পর সাধারণ মানুষের মনে বহু প্রশ্নের জন্ম নেয়। অনেকেই ভাবেন আর হয়ত টাকা দেবে না সরকার। এই সামাজিক প্রকল্প নিয়ে নানারকম বিভ্রান্তি মূলক পোস্টও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বুধবার একটি সাংবাদিক বৈঠক থেকে সব প্রশ্ন ও জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন ও কারা পাবেন না এই প্রকল্পের টাকা, কবে ঢুকবে এবং কোনও অভিযোগ থাকলে কোথায় ও কীভাবে জানাবেন, এই সব কিছু স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন - প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে পাবেন টাকা ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট বলেন যে, "অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই মাসের ১৭ তারিখে। টাকা যে ১৭ তারিখ পাবেন তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। আবেদনের ঝাড়ই বাছাইয়ের কাজ চলছে। তা এখন অন্তিম পর্যায়ে।''
কোনও অভিযোগ থাকলে কোথায় জানাবেন ?
আপনি যোগ্য কিন্তু টাকা ঢোকেনি। আবার কোনও একটি মাসে বাকিদের টাকা ঢুকলেও আপনার টাকা ঢোকেনি, এক্ষেত্রে কী করবেন সাধারণ মানুষ? এর উত্তরও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ''অর্থ ১৭ তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও একটি অভিযোগ পোর্টাল রাখব। যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারবেন। এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য জেলার বিডিওদের দায়িত্ব দেওয়া হবে। তারা হিয়ারিং নিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিস্পত্তি করবেন।''
কবে চালু হবে পোর্টাল ?
মুখ্যমন্ত্রী জানান, ''এই পোর্টাল-এর কাজ শুরু হয়ে গিয়েছে। ১৭ তারিখ টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর, ২১ ও ২২ তারিখ পোর্টালটি চালু হয়ে যাবে। যেখানে যোগ্য হওয়ার পরও যারা টাকা পাননি তারা অভিযোগ করতে পারবেন। পাশাপাশি যারা অযোগ্য অথচ টাকা পাচ্ছেন, তাদের বিরুদ্ধেও এই পোর্টালে অভিযোগ করতে পারেন যে কেউ।''






















