Paschim Medinipur Accident : পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনা, ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীদের
Road Accident : পুরী থেকে বর্ধমান ফেরার সময় ১৬নং জাতীয় সড়কে বুধবার ভোর রাতে এই দুর্ঘটনা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ভয়াবহ। বেড়ানোর সুখস্মৃতি নিয়ে সকলে ফিরছিলেন বাড়িতে। পুরী বেড়িয়ে বর্ধমানে ফিরছিল যাত্রীবোঝাই ট্যুরিস্ট বাস। রাত তিনটে নাগাদ আনন্দসফর বদলে গেল দুঃস্বপ্নে। ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল ট্যুরিস্ট বাস।
রাত তখন তিনটে। ৭০ জন যাত্রী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল বাসটি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকার কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। মুহূর্তে সিট থেকে এদিক ওদিক ছিটকে পড়েন যাত্রীরা। বাসে ছিল বেশ কয়েকজন শিশুও। আহত হন প্রায় ২০ জন। বর্ধমান থেকে ২৭ ফেব্রুয়ারি পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল এই টুরিস্ট বাস। বর্ধমান ফেরার সময় ১৬নং জাতীয় সড়কে বুধবার ভোর রাতে এই দুর্ঘটনা।
ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসটিতে থাকা অধিকাংশ মানুষের বাড়ি পাণ্ডবেশ্বর থানা, দুর্গাপুর, ও পশ্চিম বর্ধমান এলাকায়। বাসটিতে থাকা সব যাত্রীদেরই উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ। যদিও লরিটিকে ধরা যায়নি এখনও । খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।
বাস যাত্রী সাধন রুইদাস জানান, বাসটি পুরী থেকে ফেরার পথে একটি লরির পেছনে ধাক্কা মারে। তারপর কী হয়েছে যাত্রীরা বুঝতেই পারেননি। পুলিশ এসে বাসের গেট খোলার পরে তাঁরা নামতে পারেন। সহযাত্রীরা বেশ কয়েকজন আহত হয়েছেন। তাই এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তিনি।
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!






















