RG Kar Hospital: আর জি কর হাসপাতালে লিফটে মর্মান্তিক মৃত্যু, প্রতিবাদে বিবৃতি অভয়া মঞ্চের, বিক্ষোভ ABVP-র
West Bengal: লিফট বিপর্যয়ের ঘটনায় সমান তালে চড়ছে রাজনীতিরও পারদ। আর জি কর মেডিক্যালের মতো প্রথিতযশা সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে উঠেছে অজস্র প্রশ্ন।

কলকাতা: ছেলের চিকিৎসা করাতে এসে প্রাণটাই চলে গেছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার প্রতিবাদে, রবিবার বিবৃতি দিল অভয়া মঞ্চ। অন্যদিকে, মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রবিবার, আর জি কর মেডিক্যালের সামনে বিক্ষোভ দেখায় RSS-এর ছাত্র সংগঠন ABVP। গোটা ঘটনায় শাসক-বিরোধী তরজা চলছেই।
বছর দেড়েক আগে, ডিউটিতে থাকাকালীন তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণ! আর এবার ছেলের চিকিৎসা করাতে এসে প্রাণটাই চলে গেছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাস্থল সেই আর জি কর মেডিক্যাল কলেজ।
কিন্তু, কাদের গাফিলতিতে এতবড় ঘটনাটা ঘটেছে? তা নিয়ে কাটাছেঁড়া চলছে। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে বিজ্ঞপ্তি প্রকাশ করল অভয়া মঞ্চ। রবিবার প্রকাশিত এই বিবৃতিতে লেখা হয়েছে, 'হাসপাতাল জীবন দান করে, তাই হয়ে উঠেছে মৃত্যুপুরী। আর জি কর মেডিক্যালসের লিফটের মধ্যে প্রাণ হারালেন অরূপ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, এর জবাব কে দেবেন? অরূপবাবুর মৃত্যু একটি খুনের ঘটনা। যে দুর্নীতি, অব্যবস্থার কথা আমরা বারবার বলে এসেছি, এ তারই ফল। কেবলমাত্র সন্দীপ ঘোষ জেলে গেলেই সমাধান হবে না। মাথাকে ধরতে হবে। এই ব্যর্থ প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আর কত প্রাণ গেলে হবে এই কুশাসনের অবসান?'
অন্যদিকে, লিফট বিপর্যয়ের ঘটনায় সমান তালে চড়ছে রাজনীতিরও পারদ। আর জি কর মেডিক্যালের মতো প্রথিতযশা সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে উঠেছে অজস্র প্রশ্ন।
রবিবার, লিফট বিপর্যয়ে মৃত্যুর প্রতিবাদে আর জি কর মেডিক্যালের সামনে বিক্ষোভ দেখাল আরএসএস-এর ছাত্র সংগঠন ABVP।বিক্ষোভ থেকে শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
বিক্ষোভকারী ABVP কর্মী বলেছেন, 'মেডিক্যাল কলেজগুলোর যে বর্তমান পরিস্থিতি, মানুষ এখানে বাঁচতে আসে না। এখানে মরতে আসে। প্রত্যেকটা মেডিক্যাল কলেজ এখন মর্গখানা এবং শ্মশান ঘাটে পরিণিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।' বিক্ষোভকারী আর এক ABVP কর্মী বলেন, 'যতক্ষণ না এই বিষয়ের তদন্ত হচ্ছে এবং যারা যারা দোষী তাদের সাসপেনশন হচ্ছে, আমরা ততক্ষণ অবধি আন্দোলন করব। মমতা ব্যানার্জির যে সরকার, আজকে কেয়ারটেকিং সরকারে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল, পুলিশমন্ত্রী হিসেবে ফেল।' পুলিশের বাধা পেলে, এদিন আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে
জড়িয়ে পড়েন ABVP কর্মীরা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'রোগী থেকে শুরু করে রোগীর পরিবার, যারা লিফট ব্যবহার করেন। তাদের কারোর প্রাণ সরকারি হাসপাতালে গেলে সুরক্ষিত থাকে বলে আমার মনে হয় না। বাংলার স্বাস্থ্যব্যবস্থার বর্তমানে এই অবস্থা! কোথাও স্যালাইন ভুয়ো, কোথাও ইঞ্জেকশন ভুয়ো।'
তৃণমূল বিধায়ক ও আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ বলেন, 'দেড় বছরে এই কমিটি হয়েছে নতুন। নতুন নিয়মে রাজ্য সরকারের। সেই কমিটির মাত্র ২টো মিটিং হয়েছে। গত সপ্তাহে আমি জরুরি মিটিং ডাকতে বলেছিলাম। তার মধ্যেই এই দুর্ঘটনা। আমরা সমস্ত বিষয়ে পর্যালোচনা করব। যারা জড়িত ব্যক্তি - সর্বোচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।'
সব মিলিয়ে, ভোটের আগে আর জি কর নিয়ে তরজা চলছেই।





















