Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
Weather Update: আজ ও আগামিকাল মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিম্নচাপের জেরে গত কয়েক দিন কার্যত বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। আর এবার দক্ষিণবঙ্গের জন্য কিছুটা স্বস্তির খবর যেন দিল আলিপুর হওয়া অফিস। যদিও শঙ্কা বাড়ছে উত্তরবঙ্গের জন্য। সেখানে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন ৭ জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্ত বর্ষণের কথাও বলেছিলেন তিনি। অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরে জারি হয়েছে লাল সতর্কতাও। যদিও উত্তর দিনাজপুর জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাট হয়েছে, সেই নিম্নচাপ আপাতত ছত্তীসগঢ় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। আর সেই নিম্নচাপের কারণে আজ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এর ফলে প্লাবিত হতে পারে নীচু এলাকা। ক্ষতি হতে পারে চাষের।
আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
আজ ও আগামিকাল মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে এখানে। এখনও জারি রয়েছে হলুদ সতর্কতা। তবে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্র, শনি ও রবিবার দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনা কম হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতাতে।
আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৮৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩.৭ মিলিমিটার।






















