West Bengal Budget : আজ পেশ হচ্ছে রাজ্য বাজেট, বিধানসভা ভোটের আগে কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ?
Budget News : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রাজ্য় বিধানসভায় পেশ হবে ভোট অন অ্য়াকাউন্ট। অন্তবর্তী এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিজেন্দ্র সিংহ ও ঝিলম করঞ্জাই, কলকাতা : আজ পেশ হচ্ছে রাজ্য বাজেট। এবছর নির্বাচন থাকায় বিধানসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। বাড়ানো হবে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ? বাড়বে কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ? সেদিকেই নজর সব মহলের।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রাজ্য় বিধানসভায় পেশ হবে ভোট অন অ্য়াকাউন্ট। অন্তবর্তী এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মোদি সরকারের সাধারণ বাজেটে ভোটমুখী পশ্চিমবঙ্গের প্রাপ্তি আশানুরূপ হয়নি। এবার রাজ্য় বাজেটে কী হবে? বৃহস্পতিতে কোন কোন ক্ষেত্রে লক্ষ্মীলাভ হবে ? থাকবে বড় কোনও চমক ? বিধানসভা ভোটের আগে কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ? সামাজিক সুরক্ষা খাতে কি বাড়বে আর্থিক বরাদ্দ ? আন্দোলন চালিয়ে যাওয়া আশাকর্মীদের জন্য থাকবে কোনও ঘোষণা ?
আজই বহু প্রতীক্ষিত DA-মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। গত কয়েক বছর ধরেই রাজ্য় বাজেটের সময় DA ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে ৩ শতাংশ এবং ২০২৪ ও ২০২৫ সালে ৪% করে DA বাড়ানো হয়েছিল। এবার সেই রাজ্য় বাজেটের দিনে সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় ছাড়াও বাজেটে কি DA বৃদ্ধি সংক্রান্ত কোনও ঘোষণা থাকবে ?
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে। তাঁদের DA তাঁরা পাবেন। এবং, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ১০ হাজার কোটি টাকা দিতে চাইছিলেন না, তাঁকে সুপ্রিম কোর্ট কান ধরে বাধ্য করবে ৪০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য। আমরা মনে করি, কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। এবং, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ দৌড়ে আসছেন SIR নিয়ে, অথচ যখন কর্মচারীদের বিষয় ওঠে, যখন ২৬ হাজার চাকরি চলে যায়, তখন তাঁকে আর কোর্টে আসতে দেখা যায় না। অর্থাৎ নিজের স্বার্থ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোর্ট পরা থেকে কালো গামছা পরা যা-ই বলুন না কেন, নাটক করা সব নিজের স্বার্থেই করেন। রাজনৈতিক স্বার্থে।"
যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে যা দিয়েছেন তা অনেকটা বেশি। মানে, আগের যা ছিল, যদি আনুপাতিক হারে দেখেন...সেটা ইতিমধ্যেই যথেষ্ট উল্লেখযোগ্য রকম প্রাপ্তি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সহকারী ভাবেন। সম্মান করেন। তারপরেও যারা রাজনীতি করার জন্য বিষয়টাকে বিকৃত আকারে তুলে ধরছেন এবং যারা বাংলার বকেয়া আনার কোনও উদ্যোগ না নিয়ে শুধু ডিএ দাও বলছেন, মানুষকে একটু বিভ্রান্ত করছেন। বাকিটা কোর্টের বিষয়। কাল কোর্ট যা রায় দেবে।"
বৃহস্পতিবার অধিবেশনের প্রথমার্ধে থাকবে রাজ্যপালের ভাষণ। দ্বিতীয়ার্ধে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট।
Before You Go
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা





















