West Bengal News: SIR-এর বিবেচনাধীন তালিকায় নাম, 'আতঙ্কে' ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভে তৃণমূল
Magrahat News: SIR তালিকায় নাম বিবেচনাধীন থাকায় আতঙ্কে চূড়ান্ত পদক্ষেপ, অভিযোগ মৃতের পরিবারের। উস্তিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত উত্তর কুসুম পঞ্চায়েত এলাকা। রাস্তায় দেহ নিয়ে বিক্ষোভে TMC

West Bengal News: ২৮ ফেব্রুয়ারি, শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশ পেয়েছে। তারপর থেকেই রাজনীতির পারদ ক্রমে চড়ছে। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বিবেচনাধীন, এবার এই আতঙ্কে ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার হল মগরাহাট পশ্চিমের উস্তিতে। এসআইআর তালিকায় নাম বিবেচনাধীন থাকায় আতঙ্কে এই চূড়ান্ত পদক্ষেপ, অভিযোগ মৃতের পরিবারের। উস্তিতে (Usthi) যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত উত্তর কুসুম পঞ্চায়েত এলাকা। রাস্তায় দেহ নিয়ে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস।
মগরাহাট পশ্চিমের উস্তিতে ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জানা যাচ্ছে, পেশায় ভ্যানচালক বছর ৪৪ এর রফিক আলি গাজির এসআইআর শুনানিতে (SIR Hearing) নাম ছিল। এরপর চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসে বিবেচনাধীন তালিকায়। মৃতের পরিবারের দাবি, এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। এরপর মঙ্গলবার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। দেহ ময়নাতদন্তের পর উস্তির মোড়ে আনা হয়। দেহ নিয়ে থানা ঘেরাও কর্মসূচি তৃণমূলের (TMC)। মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামিম আহমেদ বলেন, "রফিক আলি গাজি মগরাহাট পশ্চিমের বাসিন্দা। ওঁকে প্রথমে এসআইআরের শুনানিতে ডাকা হয়। সব নথি জমা দেওয়ার পরেও বিবেচনাধীন তালিকার ওঁর নাম আসে। উনি মানসিকভাবে সমস্যার মধ্যে ছিলেন। এসআইআরের নাম দিয়ে নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপি সরকার পরিকল্পিতভাবে যেভাবে মানুষ মারার মিছিলের আয়োজন করেছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ। মনোজ কুমার আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় সেই দাবিতে আজ আমরা আন্দোলন করছি। যতক্ষণ না ওঁদের গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। যতক্ষণ না সরকার ও পুলিশের তরফে পদক্ষেপ করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।"
পাল্টা ডায়মন্ড হারবারের বিজেপি (BJP) নেতা সুফল ঘাটু বলেন, "মৃত্যু নিয়ে রাজনীতি তৃণমূলের একটি জন্মগত অধিকার। এসআইআর-ই এখন এদের মৃত্যু হয়ে আছে। মৃত্যু দেখলেই এরা এসআইআরকে স্মরণ করছে। সেই মৃত্যুকে এসআইআর মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক, এদের কাছে আরও ইস্যু নেই।" এদিকে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উস্তি থানার পুলিশ-সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। নামানো হয়েছে RAF। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই অবস্থান বিক্ষোভের পর দেহ নিয়ে মৃতের বাড়ি পর্যন্ত একটি মিছিল করা হবে।
উস্তির এই ঘটনা নিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক। সম্পূর্ণ নির্দোষ মানুষ শুধু আতঙ্কে আত্মহত্যা করছেন, বিএলও-রা কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করছেন - এটা কাঙ্খিত ছিল না। নির্বাচন কমিশন তার নিজের নিরপেক্ষ আইডেন্টিটি রক্ষা করতে পারল না।"






















