ED Raids: সাতসকালে ইডি- র হানা, এবার হাবড়ার ব্যবসায়ীদের বাড়িতে
West Bengal News Today: রেশন বণ্টন দুর্নীতি মামলায়, হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গেলেন ED আধিকারিকেরা।

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, হাবড়া, উত্তর ২৪ পরগনা : দ্বিতীয় দফার ভোটের আগে ফের ED-র অভিযান। রেশন দুর্নীতি মামলায়, হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ED-র আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ED-র অভিযান। ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে আসেন ED আধিকারিকরা। ED সূত্রে খবর, হাবড়ার চালপট্টিতে চালের কারবার করেন ওই ব্যবসায়ী। রেশন দুর্নীতি মামলায় তদন্তে ব্যবসায়ী সমীর চন্দের নাম উঠে এসেছে, খবর ED সূত্রে। হাবড়ার আরও এক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও ED অভিযান। হাবড়া শ্রীনগর রোডে সাগর সাহার বাড়িতে শনিবার ভোর হতে না হতেই আসেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর তরফে বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। এদিন সকালে ব্যবসায়ী সাগর সাহার বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারকদের। তবে অবশেষে ভিতরে ঢুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীর পরিবারের লোকজনদের।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে ফের একবার সক্রিয় ইডি- র আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে শনিবার সাতসকালে হানা দিয়েছে ইডি- র টিম। এবার হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে রাজ্যের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই রেশন বণ্টন দুর্নীতি মামলায় এর আগে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। বর্তমানে জামিনে রয়েছেন তিনি। এবার ফের একবার এই রেশন বণ্টন দুর্নীতি মামলায় সক্রিয় হয়েছে ইডি। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক জায়গায় চলছে অভিযান। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অনেকের নাম উঠে এসেছে বলে খবর ইডি সূত্রে। সূত্রের খবর, হাবড়ার তিনজন চাল ব্যবসায়ীর বাড়িতে শনিবার সাতসকালে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
ব্যবসায়ী সমীর চন্দ অনেকদিন ধরেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত বলে ইডি সূত্রে খবর। কোথা থেকে তিনি চাল কেনেন, কী দামে কেনেন, মান্ডিতে কী দামে যায় - এই সবকিছুই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় মূলত অভিযোগ উঠেছিল যে রেশনের সামগ্রীর কালোবাজারি করা হচ্ছে। বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের পাশাপাশি কালো টাকা সাদা করার মতো অভিযোগও উঠেছিল। এই ঘটনার তদন্ত করেছিল ইডি এবং সিবিআই। ফের একবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় অ্যাকশনে নেমেছেন ইডি আধিকারিকরা। সমীর চন্দের বাড়ির বাইরে গেটের কাছে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। সাতসকালে যখন ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীর বাড়িতে এসেছিলেন, তখন ঘুমাচ্ছিলেন সকলে। বারবার দরজা ধাক্কা দেওয়া হয় ইডি- র তরফে। শেষ পর্যন্ত দরজা খোলা হয় ব্যবসায়ীর বাড়ির।
Before You Go
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?





















