Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
Modi on ITI: ITI পড়ুয়াদের প্রশংসা মোদির। বললেন, IIT পড়ুয়াদের সম্মান প্রাপ্য।

নয়াদিল্লি: ITI পড়ুয়াদের IIT-দের সমান সম্মান দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, IIT ফেরতরা যত সম্মান পান, সমান সম্মান পাওয়ার কথা ITI ফেরতদেরও। এতদিন ধরে চলে আসা ছুঁৎমার্গ কাটিয়ে উঠতে আহ্বান জানালেন তিনি। (Modi on ITI)
শনিবার লখনউতে পঞ্চম ন্যাশনাল স্কিল কনভোকেশনে বক্তৃতা করেন মোদি। সেখানেই IIT এবং ITI পড়ুয়াদের মধ্যে বৈষম্য ঘোচানোর কথা বলেন তিনি। তাঁর দাবি, পরিবার তো বটেই, পড়ুয়ারা নিজেরাও কলেজ-ইউনিভার্সিটির পরিবর্তে ITI ফেরত পরিচয় দিতে লজ্জা পান। এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। (Narendra Modi)
দক্ষ কর্মীদের কাঁধের উপরই শিল্পসংস্থাগুলি দাঁড়িয়ে বলে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, “কোনও পড়ুয়া যখন ITI-তে ভর্তি হন, তাঁদের মা-বাবা, বন্ধুবান্ধব, আত্মীয়রা বিষয়টি গোপন রাখেন। ওই পড়ুয়া ITI-তে ভর্তি হয়েছেন, একথা বলতে লজ্জা পান তাঁরা। কেন? কারণ কোনও ইউনিভার্সিটি বা প্রথাগত কলেজে যাচ্ছেন না ওই পড়ুয়া। বরং, হাতে কলমে, দৈহিক পরিশ্রমের রাস্তা বেছে নিয়েছেন।”
মোদির দাবি, ডিগ্রির প্রতি সমাজের যে মোহ, তাতেই বৃত্তিমূলক পরিশ্রম কম মর্যাদাপূর্ণ বলে ধারণা জন্মেছে। অথচ শিল্পক্ষেত্রে ITI প্রশিক্ষিতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “IIT পড়ুয়াদের সমান সম্মান পাওয়া উচিত ITI পড়ুয়াদের। সংস্থার আসল শক্তি ITI প্রশিক্ষিতদের কাঁধেই।”
আরও পড়ুন: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাও ব্যাখ্যা করেন মোদি। তাঁর মতে, সংস্থাগুলিতে ডিগ্রিধারী কর্মীর সংখ্যা তুলনামূলক কম। তাদের দৈনিক কাজকর্ম কিন্তু দক্ষ কর্মীদের কাঁধেই দাঁড়িয়ে, যাঁরা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মোদির কথায়, “যে কোনও বড় সংস্থাকেই ধরুন, সংস্থার আসল শক্তি ২০০-৩০০ ITI কর্মী, যাঁরা সংস্থা চালান।”
কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধরিকে এদিন অভিনন্দনও জানান মোদি। পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেন। পড়ুয়াদের আত্মবিশ্বাসের প্রশংসা করে বলেন, “ITI পড়ুয়ারা যে পোশাক-পরিচ্ছদ পড়ে এসেছেন, তা ইউনিভার্সিটির কনভোকেশনকেও হার মানায়। এত আত্মবিশ্বাস।” তথাকথিত উচ্চশিক্ষার দিকে না গিয়ে ITI-এ ভর্তি হওয়া ‘সেকেন্ড চয়েজ’ নয়, বরং দক্ষতা নির্ভর চাকরির রাস্তা বলে মন্তব্য করেন তিনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















