Minakshi Mukherjee: কত টাকার সম্পত্তি, বাড়ি-গাড়ি-বিনিয়োগই বা কত? হলফনামায় মীনাক্ষীর আয়েই চমক !
minakshi mukherjee affidavit 2026 : আগাগোড়া লড়াকু বাম নেত্রী মীনাক্ষীর মূলধন কত, বাড়ি-গাড়ি আছে? আর গয়নাগাটি ? এই উৎসাহ অনেকেরই ।

কলকাতা : ভোটের ময়দানে এই প্রথমবার নামছেন না মীনাক্ষী মুখোপাধ্যায় ( Minakshi Mukherjee ) । এর আগেও তিনি রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম ( Nandigram) থেকে লড়েছেন। সেই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) এবং অধুনা বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। ফলে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে লড়াইয়ের অভিজ্ঞতা তাঁর নতুন নয়। এবারও নির্বাচনের আগে মীনাক্ষী স্পষ্ট করে দিয়েছেন, এই লড়াই শুধু একজন প্রার্থীর নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম। তাঁর কথায়,“এই লড়াই একটা বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি, সারা বছর মানুষের রুটি-রুজির স্বার্থে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে।”
আগাগোড়া লড়াকু বাম নেত্রী মীনাক্ষীর মূলধন কত, বাড়ি-গাড়ি আছে? আর গয়নাগাটি ? এই উৎসাহ অনেকেরই । উত্তর দিয়েছেন তিনি তাঁর হলফনামায়। নির্বাচনের মনোনয়ন পেশের সময় যে হলফনামা জমা করতে হয়, তাতে তিনি তাঁর সম্পত্তি, আয়-ব্যায়ের হিসেব, সবটাই দিয়েছেন। দেখে নেওয়া যাক।
অ্যাফিডেভিট অনুযায়ী, তাঁর বয়স ৪২ বছর এবং তিনি পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার বাসিন্দা। পিতার নাম মনোজ মুখোপাধ্যায়।
আয় ও আয়কর
অ্যাফিডেভিটে দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ আর্থিক বছরে তাঁর আয়কর রিটার্ন (ITR) সম্পূর্ণরূপে ‘NIL’ বা শূন্য। তিনি নিয়মিত ITR ফাইল করলেও আয়কর শূন্য দেখিয়েছেন। হলফনামায় নিজের গত পাঁচ অর্থবর্ষে আয়ের জায়গায় ‘NIL’ লিখেছেন তিনি। এছাড়াও তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, বড় ধরনের সম্পদ নেই, কর্পোরেট বা ব্যবসায়িক সংযোগ নেই। শেয়ার বাজারে বিনিয়োগ নেই। তবে হলফনামা অনুযায়ী, তাঁর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে। একটি বিমাও রয়েছে তাঁর। ছ মাস অন্তর তার জন্য ৫ হাজার টাকার কাছাকাছি প্রিমিয়াম দেন। তাহলে আয় হয় কোত্থেকে ? মানে চলে কীভাবে? দলের থেকে মাসিক ভাতাই তাঁর আয়ের উৎস বলে জানান তিনি।
কী কী মামলা ?
অ্যাফিডেভিটে উল্লেখ রয়েছে যে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই IPC 18 অর্থাৎ প্রশাসনিক নির্দেশ অমান্য, IPC 283 অর্থাৎ জনসাধারণের চলাচলে বাধা, POPP Act অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ, Highways Act অর্থাৎ রাস্তা অবরোধ সংক্রান্ত মামলা, Railway Act অর্থাৎ রেল অবরোধের মামলা হয়েছে। কোথাও দোষী সাব্যস্ত হওয়ার উল্লেখ নেই ।
- ২০২৬ সালের হলফনামা বলছে,মীনাক্ষী মুখোপাধ্যায়ের
বাড়ি আছে নিজের নামে ? না।
গয়না গাটি আছে ? না।
নিজের নামে কোনও জমিজমা? না।
গাড়ি ? চার-চাকা না থাকলেও একটি স্কুটার রয়েছে ।
অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৫,৭৮,৪৫৬ টাকা।
হাতে নগদ ২,০০০ টাকা ।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা ৪। হিসেব করলে তাতে মোট ব্যাঙ্ক ব্যালান্স ২.৫ লাখ টাকার কাছাকাছি দাঁড়ায়।





















