Rahul Banerjee Death: 'ঝড়ের মধ্যে জোর করে নৌকায় নামিয়ে দিয়ে...', শ্যুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সরব ভাস্বর
Bhaswar Chatterjee on Rahul Death: রাহুলের অকাল প্রয়াণের পরে, অনেকেই এই কথা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে, কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে তাঁদের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হয়েছে

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) চলে যাওয়া যেন টলিউডে জোরদার একটা ধাক্কা। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুলের। কিন্তু কীভাবে তিনি তলিয়ে গেলেন, কেনই বা জলের গভীরে তাঁকে যেতে হল.. তা নিয়ে এক এক বার, এক এক রকমের বয়ান সামনে এসেছে। তবে এই সমস্ত চর্চার মধ্যে, যে বিষয়টা বারে বারে উঠে এসেছে, সেটা হল অভিনেতা অভিনেত্রীদের চর্চার বিষয়টা। অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরাই বারে বারে বলেছেন, অধিকাংশ সময়েই তাঁদের কার্যত প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয়। শ্যুটিং সেটে থাকে না নিরাপত্তা ব্যবস্থা। থাকেন না কোনও চিকিৎসক বা কোনও অ্যাম্বুল্যান্স।
রাহুলের অকাল প্রয়াণের পরে, অনেকেই এই কথা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে, কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে তাঁদের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হয়েছে। আর এবার, এই বিষয়েই একটি লম্বা ফেসবুক পোস্ট করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। ২০০৫ সালের একটি ভয়াবহ ঘটনার কথা ভাগ করে লিখেছেন তিনি। ভাস্বরের কথায়, ' ২০০৫ সালের কথা। আমি, কুণাল মিত্র, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া কারফা এবং দেবদূত ঘোষ সুন্দরবনে আউডডোরে যাচ্ছিলাম স্টিমারে। রাস্তায় বিরাট ঝড় ওঠে। তার মধ্যেই কনী-কে জোর করে, একটা নৌকায় নামিয়ে দেওয়া হয় শট দেওয়ার জন্য। আমরা সবাই প্রতিবাদ করি, কনীর মা কান্নাকাটি করেন কিন্তু পরিচালক কোনও কথা কানে তোলেন না। সেদিন কনীর জীবন যেতে পারত। এরপর সুন্দরবনে পৌঁছে, আমাকে আর অর্পিতাদিকে নদীর পাড়ে সিন শুট করতে বলা হয়। শেষ হওয়ার পরে লোকাল লোকেরা হইহই করে তেড়ে আসে। বলে ওখানে কামট থাকে। কে আপনাদের যেতে বলেছে? এরকম কত কিছু যে আমাদের সঙ্গে হয় ভাবনার বাইরে। তাই ঝড় একদিন না একদিন উঠতই, দুঃখের বিষয় যে রাহুলকে প্রাণ দিয়ে বোঝাতে হল।'
ভাস্বরের এই পোস্ট মন্তব্য করেছেন কনীনিকা। তিনি লিখেছেন, 'আমি ভাবছিলাম জানিস, সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম।' এর উত্তরে ভাস্বর লিখেছেন, 'কি হয়েছিল, আমাদের থেকে ভাল আর কে জানে.. কই আমরা তো প্রতিবার করতে পারিনি সেদিন।' অনেকেই ভাস্বরের পোস্টে লিখেছেন, সময় মতো প্রতিবাদ হলে আজ এইরকম একটা দিন দেখতে হত না। রাহুলকেও হয়তো চলে যেতে হত না।





















