Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Lopamudra Mitra Song: সঙ্গীতশিল্পীর টিমের তরফ থেকে জানানো হয়েছে গানটি ২০২৩ সালে লেখা।

কলকাতা: তাঁর কন্ঠে যেন সবসময়েই পাওয়া যায় মাটির সুর, জীবনের ছোঁয়া। বিভিন্ন ধারার গানে, তিনি শুধু জীবনকে উপভোগ করার কথাই বলেন, বাঁচার বার্তা দেন। আট থেকে আশি, প্রত্যেক বাঙালিরই মন ছুঁয়ে যায় তাঁর গান, বছরের পর বছর ধরে। লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। তবে শুধু আনন্দ নয়, তাঁর গান সবসময়েই ছুঁয়ে যায় পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে শুরু করে, সমাজকে। সেই সুরই শোনা গেল, তাঁর নতুন গানে। মুক্তি পেল, লোপামুদ্রা মিত্রের নতুন গান, 'মগজধোলাই'। এই শব্দ আমাদের এক লহমায় ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। লোপামুদ্রার নতুন গানেও রইল, গুপি গায়েন, বাঘা বায়েনের সেই রূপকথার ছোঁয়া।
লোপামুদ্রার গানে 'হীরক রাজার দেশে'-র স্মৃতি
'মগজধোলাই' বলতেই আমাদের মনে পড়ে যায়, সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত সেই কিংবদন্তি সিনেমার কথা, 'হীরক রাজার দেশে'। রূপকথার মোড়তে সেই সিনেমার পরতে পরতে ছিল, পলিটিক্যাল স্যাটায়ার। এত বছর পেরিয়েও হীরক রাজার সেই রাজ্যের বর্ণনা যেন হুবহু মিলে যায় বাস্তব পরিস্থিতির সঙ্গে। ২০২৬-এ বসে এই ছবি দেখতে অনেকেরই মনে হতে পারে, এই ছবি যেন বর্তমান সময়ের প্রেক্ষাপটেই তৈরি। লোপামুদ্রার এই গানেও রইল সেই ছোঁয়া। আর রইল, ভাল সময়ের বার্তা। সবাই মিলে একসঙ্গে ভাল থাকার কথা, সবার সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা। এই গান মুক্তি পেতে অনেকেই বলেছেন, এই গানে যেন অনেকেই পুরনো লোপামুদ্রাকে খুঁজে পেয়েছেন। যিনি দ্বর্থ্যহীন ভাষায় তুলে ধরতেন, বর্তমান পরিস্থিতির কথা। তবে সঙ্গীতশিল্পীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই গানটি লেখা হয়েছিল অনেকটা আগে, ২০২৩ সালে।
জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, প্রত্যেক ধারার গানেই জনপ্রিয়তা পেয়েছেন লোপামুদ্রা। 'অন্য হাওয়া', 'নতুন গানের নৌকা বাওয়া', ভিতর ঘরে বৃষ্টি, 'অকারণ', 'সাঁকোটা দুলছে', 'ভালবাসতে বলো' (২০০১ সালের পূজার অ্যালবাম), 'বিশ্বময়' (রবীন্দ্র সঙ্গীত), 'কথা শেষে' (রবীন্দ্র সঙ্গীত), 'হরি হে দীনবন্ধু', 'এই অবেলায়' (২০০৩ সালের পূজার অ্যালবাম), 'ও মোর দরদিয়া' (রবীন্দ্র সঙ্গীত), 'ঝড় হতে পারি', 'কবিতা থেকে গান', 'ডাকছে আকাশ', 'মনে রেখো' (২০০৬ সালের রবীন্দ্র সঙ্গীত), 'এমনও হয়' (২০০৬), 'আনন্দ', ছাতা ধর', 'মন ফকিরা' (বাংলা লোক গান)-র মতো অ্যালবামগুলি জনপ্রিয়তা পেয়েছে তাঁরই কণ্ঠে।























