Earthquake : বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Colombia Earthquake : এখনও কি ধ্বংসস্তূপের নিচে বেঁচে রয়েছেন কেউ ? এই আশাটুকু নিয়েই খোঁজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

কলম্বিয়া : ভয়ঙ্কর ভূমিকম্প। মারাত্মক এক ধাক্কা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। ক্রমেই বেড়ে চলেছে মৃত্র সংখ্যা। প্রতিদিন , প্রতিটি মুহূর্তে বের হচ্ছে মৃতদেহ । এখনও কি ধ্বংসস্তূপের নিচে বেঁচে রয়েছেন কেউ ? এই আশাটুকু নিয়েই খোঁজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
ভয়াবহ ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়েছে দেড় হাজারের উপর বাড়ি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ । এখনও পর্যন্ত গোটা দেশে হাজার হাজার মানুষ নিখোঁজ। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এতগুলো ঘণ্টা কেটে যাওয়ার পর তারা কি আদৌ কেউ বেঁচে আছেন,ভাবাচ্ছে সেটাই।
সময় যত গড়াচ্ছে, ততই কঠিন হয়ে উঠছে উদ্ধারকাজ। তবু হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে জীবনের শেষ চিহ্নটুকুও খুঁজে বের করার মরিয়া চেষ্টা চলছে। ক্যামেরা, রাডার ও সিসমিক সেন্সর ব্যবহার করে চলছে ধ্বংসস্তূপের নীচে তল্লাশি। কোথাও কোনও ক্ষীণ নড়াচড়া,শব্দ কিংবা প্রাণের স্পন্দন মিললেই প্রাণপণে খুঁজছেন উদ্ধারকারীরা। ফলে প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্বংসস্তূপের নীচ থেকে কোনও প্রাণের সাড়া পাওয়ার আশায় রাতদিন এক করে কাজ করছেন উদ্ধারকারীরা।
সোমবারের ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার একাধিক শহর ও বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত। বহু বহুতল সম্পূর্ণ ভেঙে পড়েছে। চিড় ধরেছে দেওয়ালে। এর সঙ্গে আতঙ্ক বাড়িয়েছে আফটারশক । বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক স্তরেও সহায়তার হাত বাড়ছে। ভারতের পক্ষ থেকেও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত কলম্বিয়ার পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
গত ১০ তারিখ, বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। লন্ডভন্ড হয়ে যায় পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সেদিন থেকে । আহত বহু। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫৭৫টি বাড়ি ও ছয়টি বিমানবন্দর। ভূমিকম্পটির মূল উৎস ছিল রাজধানী বোগোটা থেকে দূরে চোকো অঞ্চলের 'সান হোসে দেল পালমার'-এ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মাটি থেকে প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। পরিস্থিতি সামাল দিতে পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
সেরা শিরোনাম






















