Bangur Old Woman Murder Update: বাঙুরে প্রৌঢ়া খুনের কিনারা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার পরিচারক
গতকাল উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।

রঞ্জিত সাউ, কলকাতা: বাঙুরে প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ। ভিনরাজ্য থেকে গ্রেফতার হল পরিচারক। ২১ জুলাই, বাঙুরের B ব্লকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬২ বছরের প্রৌঢ়ার পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, লুঠের উদ্দেশ্যে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় প্রৌঢ়াকে। সিসি ক্যামেরার সূত্র ধরে সন্ধান মেলে অভিযুক্তের। খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল প্রৌঢ়ার পরিচারক। গতকাল উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।
গত ২১ জুলাই বাঙুরের বি ব্লকে গলায় গামছা জড়ানো অবস্থায় ওই প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন পরিচারক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে লেকটাউন থানার পুলিশ। শহরের বুকে ফের একাকী মহিলার রহস্যমৃত্যুতে আতঙ্ক ছড়ায়। এ দিন সকালে বছর ৬২-র এই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঙুরের বি ব্লকে। পুলিশ জানায়, মৃতার নাম, দীপা মুখোপাধ্যায়।
পরিবারের সদস্যরা আসেন, দেখেন দরজা বন্ধ রয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছিল, দরজা খুলে দেখা যায় ভিতরে দেহ পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাঙুরের ফ্ল্যাটে একাই থাকতেন মহিলা। মাসখানেক আগে মুম্বইয়ে একটি হোটেল-কর্মীর সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর ওই হোটেল কর্মীকে নিয়ে বাড়ি ফেরেন মহিলা। নিযুক্ত করেন পরিচারকের কাজে।
প্রতিবেশীদের দাবি, কয়েক দিন ধরে দীপা মুখোপাধ্যায়ের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিতে এ দিন পরিবারের সদস্যরা ফ্ল্যাটে আসতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় ঘরের মেঝেয় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।
গলায় গামছার ফাঁস লাগানো ছিল। পরিবারের দাবি, মহিলার সোনার গয়না লুঠ করা হয়েছে। মৃতার ছেলে তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, 'ফোন অফ ছিল, খবর পেয়ে এসেছি, লুঠ চালিয়েছে।' মৃতার প্রতিবেশী অনিতা নাথ নামে এক মহিলার কথায়, 'বাইরে থেকে এক পরিচারক এনে রেখেছিলেন।' ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মহিলাকে।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য






















