এক্সপ্লোর
আরও একটি জীবন গেলে আমার ছেলে ফিরবে না, খুনিকে ক্ষমা করে দিয়ে বললেন কেরলের মহিলা

মলপ্পুরম: ৬ বছর আগে সৌদি আরবে কর্মরত আসিফকে খুন করেছিল তারই সহকর্মী তথা বন্ধু মহরম আলি। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় সৌদি আরবের আদালত। পরবর্তীকালে তার মানসিক সমস্যা দেখা যায়। আসিফের মা আয়েশা বিবির কাছে গিয়ে তাঁর পা ধরে ক্ষমাপ্রার্থনা করেন মহরমের স্ত্রী রাজিয়া। তাঁর কথা শুনে মহরমকে ক্ষমা করে দিলেন আয়েশা। তিনি বলেছেন, ‘ঈশ্বর আমার ছেলেকে আগেই ডেকে নিয়েছেন। এটা ওর ভাগ্যে ছিল। আরও একটি জীবন নিলে আমার ছেলে ফিরবে না। পবিত্র রমজান মাসে আমি নিঃশর্তে মহরম আলিকে ক্ষমা করে দিচ্ছি।’ সৌদি আরবের আল-হাসা অঞ্চলে একটি পেট্রোল স্টেশনে কাজ করতেন আসিফ ও মহরম। তাঁরা একই ঘরে থাকতেন। কিন্তু এক রাতে আসিফের গলা কেটে খুন করেন মহরম। তাঁকে গ্রেফতার করা হয়। আসিফের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি করে আল-হাসার কেরল মুসলিম কালচারাল সেন্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের কর্তা কুনহালাসান কুট্টি জানিয়েছেন, ‘ওরা একসঙ্গে কাজ করত। ওদের মধ্যে কোনও শত্রুতা ছিল না। আসিফের পরিবার অত্যন্ত দরিদ্র। তাঁদের নিজস্ব বাড়িও নেই। তা সত্ত্বেও তাঁরা মহরম আলিকে ক্ষমা করে দিয়েছেন।’ মহরমের মানসিক সমস্যা থাকায় কেরল মুসলিম কালচারাল সেন্টারের সাহায্য চায় সৌদি আরবের পুলিশ। কুট্টি জানিয়েছেন, মহরমের দুই মেয়ে এবং একটি নাবালক ছেলে আছে। মেয়ে দু’টির বিয়ের বয়স হয়ে গিয়েছে। সে কথা মাথায় রেখেই মহরমকে ক্ষমা করে দিয়েছেন আয়েশা। তাঁর দেওয়া চিঠি পেশ করা হবে দাম্মামের আদালতে। এরপরেই ছাড়া পেতে পারেন মহরম।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
























