ছেলের নাম কী হবে, ‘ব্যালট ভোট’-এর মাধ্যমে ঠিক করলেন মহারাষ্ট্রের দম্পতি

নাগপুর: ‘নির্বাচনী ফেস্টুন’ ছিল। ছিল ‘ব্যালট বক্স’। আর গণনা শেষে জয়ী হল একটি নাম। যে নামে নামকরণ করা হল এক সদ্যোজাতের।
খবরে প্রকাশ, মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার দেওরি মহকুমার দম্পতি মিঠুন ও মানসী বাং এক অভিনব উপায়ে তাঁজের প্রথম সন্তানের নামকরণ করার সিদ্ধান্ত নেন। গত ৫ এপ্রিল এক পুত্রসন্তানের জন্ম দেন মানসী। ১৫ জুন পরিবারের সদস্যদের মধ্যে ভোটাভুটি করে দম্পতি তাঁদের সন্তানের নামকরণ করেন।
জানা গিয়েছে, পরিবার ও আত্মীয়রা মিলে ৩টে নাম প্রস্তাব করেন। বাং দম্পতি এই নামগুলি দিয়ে ব্যালট তৈরি করেন। প্রত্যেকটি ব্যালটে ছিল তিন প্রস্তাবিত নাম।
এরপর শুরু হয় ‘নির্বাচন প্রক্রিয়া’। সকলের মধ্যে বিলি করা হয় ওই ব্যালট। গোটা প্রক্রিয়ার নাম দেওয়া হয় বালক নামচয়ণ আয়োগ। এমনকী, এর জন্য যে লোগো তৈরি করা হয়েছিল, তার সঙ্গে নির্বাচন কমিশনের লোগোর সাদৃশ্য ছিল দেখার মতো।
এমনকী, এই নির্বাচনের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন গোন্ডিয়ার প্রাক্তন সাংসদ নানা পাটোলে, যাঁর ইস্তফার জন্য সেখানে গত ২৮ মে উপ-নির্বাচন হয়। এছাড়া, উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক এবং আরেকজন প্রাক্তন বিধায়ক।
১৫ জুনের ‘নির্বাচনে’ অংশ নেন মোট ১৯২ জন। পেশায় ব্যবসায়ী মিঠুন জানান, প্রতিটি ব্যালটে যে তিন নাম ছিল, সেগুলি ছিল—যক্ষ, জুবান ও জৌবিক। ফলাফল বের হতে দেখা যায়, জুবান সবচেয়ে বেশি ৯২টি ভোট পেয়েছে।
এরপরই, ছেলের নাম জুবান রাখেন বাং দম্পতি।
























