Jharkhand News : ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Students Protest : চাকরিপ্রার্থীরা ১৪ তম JPSC প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়েছেন।

রাঁচি : ফের পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগ। এবার ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীরা ১৪ তম JPSC প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়েছেন। এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন এক ছাত্রনেতা। এই আন্দোলন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র সমর্থনও লাভ করেছে। যার জেরে রাঁচিতে চলা বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো রবিবার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে, তার জের ধরেই এই বিক্ষোভের সূত্রপাত। শিক্ষার্থীদের মতে, এসব ঘটনা বারবার তাঁদের কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।
সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মাহাতো আন্দোলনের সময়ক্রম তুলে ধরেন এবং জানান যে, গত মাসে ১৪ তম জেপিএসসি (JPSC) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এই আন্দোলনের সূচনা হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "ঠিক এক মাস আগে, অর্থাৎ গত মাসের ২ তারিখে ১৪ তম প্রিলিমিনারি টেস্টের (PT) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা ৫ জুলাই এই আন্দোলন শুরু করেছিলাম, ৭ জুলাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছিলাম এবং ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। এরপর ২০ জুলাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দিই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।"
#WATCH | Ranchi, Jharkhand: Student leader Devendra Nath Mahato sat on an indefinite hunger strike at Jaipal Singh Munda Stadium in protest against irregularities in competitive exams.
— ANI (@ANI) August 3, 2026
He said, "The results of the 14th Preliminary Test (PT) were declared on the 2nd of last… pic.twitter.com/uOfljeOeZH
মাহাতো অভিযোগ করেছেন যে, কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সত্ত্বেও সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি যথাযথভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেবেন্দ্র জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পেশ করা দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তিনি তাঁর অনশন চালিয়ে যাবেন।























