এক্সপ্লোর
অন্তর্বর্তী বাজেট ‘ফাঁকা আওয়াজ’, কটাক্ষ মায়াবতীর, ‘বাগাড়ম্বর’, বলল বামেরাও

লখনউ: বিজেপি সরকারের অন্তর্বর্তী বাজেটকে ‘জুমলেবাজি’ বা ‘ফাঁকা আওয়াজ’ বলে কটাক্ষ মায়াবতীর। বাজেটে বাস্তব সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা নেই বলে দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়ালের বাজেট পেশের পর বহুজন সমাজ পার্টি (বসপা)নেত্রীর আরও অভিযোগ, গত পাঁচ বছরে দেশে আর্থিক বৈষম্য বেড়েছে, কৃষক ও গরিব মানুষ নন, লাভবান হয়েছেন হাতেগোনা কতিপয় পুঁজিপতি। এটা অন্যায়, দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভোটের আগে বিজেপি সরকারের এই শেষ বাজেট বাস্তব পরিস্থিতি, তিক্ত সত্যের অনেক দূরে, অধিকাংশই জুমলেবাজি। ফাঁকা আওয়াজ দেশের গতিপথ বদলে গরিবি, বেকারি, মুদ্রাস্ফীতির মতো দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাতে পারে না। সেজন্য প্রয়োজন সমাধানের দৃঢ় মানসিকতা, যা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের নেই। এই বাজেট সাধারণ মানুষের কাছে বিপদ বলে মন্তব্য করেন মায়াবতী, তার তুলনা করেন ‘অপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি’, নোট বাতিল, জিএসটি রূপায়ণের মতো সিদ্ধান্তের সঙ্গে। বলেন, শ্রমিক, কৃষক, গরিব মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুফল তাদের কাছে যায় না, কিন্তু লাভ হয় পুঁজিপতিদের। বামেরাও গয়ালের বাজেটকে সামনের নির্বাচন মাথায় রেখে স্রেফ ‘বাগাড়ম্বর’ বলে কটাক্ষ করেছে। সিপিএম বিবৃতি দিয়ে বলেছে, আগামী নির্বাচনে মানুষ কী রায় দেবেন, তা নিয়ে আতঙ্কিত, মরিয়া শাসক দল। তারই সাক্ষ্য এই বাজেট। যে প্রতিশ্রুতি তাদের দেওয়ার কথা নয়, তা ঘোষণা করতে অন্তর্বর্তী বাজেটকে কাজে লাগাতে চেয়েছে তারা। মোদি সরকার তথ্য বিকৃত করে, চেপে রেখে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিখ্যাত হয়ে গিয়েছে। অন্তর্বর্তী বাজেট তার আরও এক প্রমাণ। মোদি সরকারের রেকর্ড সম্পর্কে কার্যকরী অর্থমন্ত্রী তাঁর ভাষণে বড় বড় দাবি করেছেন, সব ভারতীয়ের সামনে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন, যা দেশের সমস্যাপীড়িত জনগণের সঙ্গে এক নিষ্ঠুর প্রহসন। সিপিআইও বলেছে, বাজেটে স্রেফ মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে। কৃষক ও অসংগঠিত ক্ষেত্রকে সাহায্য করতে ঘোষিত অনেক প্রকল্পে পর্যাপ্ত বাজেট বরাদ্দই হয়নি।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















