Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
DPDP Act and WhatsApp: মনে করা হচ্ছে ব্যক্তিগত তথ্য ও শিশুদের অনলাইন সুরক্ষা সংক্রান্ত যে সব আইনি বাধ্য-বাধকতা রয়েছে তারই প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ করেছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি।

কলকাতা: হঠাৎ আপনি হোয়াটসঅ্যাপ খুলে দেখলেন মেটার মালিকানাধীন এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপনার বয়স কর জানতে চাইছে। সম্প্রতি অনেক ব্যবহারকারীই এমন কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বলা হচ্ছে ওই ব্যবহারকারীর জন্ম তারিখ লিখতে বলা হচ্ছে। যদিও এই সংস্থা এটাও জানিয়েছে, এই বয়স যাচাইয়ের বিষয়টি একান্তই ঐচ্ছিক। কেউ যদি না চান, তাহলে তিনি এই তথ্য নাও শেয়ার করতে পারেন।
আরও পড়ুন: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
মনে করা হচ্ছে ব্যক্তিগত তথ্য ও শিশুদের অনলাইন সুরক্ষা সংক্রান্ত যে সব আইনি বাধ্য-বাধকতা রয়েছে তারই প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ করেছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি। যদিও তারা এই কথাও জানিয়ে দিয়েছে যে আগামীতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য নিজেদের বয়স যে নিশ্চিত করতে হবে এমন নয়। এ ছাড়াও এই বয়সের তথ্য তার গোপন রাখবে বলেও জানিয়েছে তারা।
তবে, মনে করা হচ্ছে, ভারতে লাগু হতে চলা Digital Personal Data Protection Act (DPDP) বা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়ে আলোচনার মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। কারণ, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া স্ক্রিনশট অনুযায়ী একটি প্রম্পটও প্রকাশ্যে এসেছে। যেখানে লেখা রয়েছে, "ভারতে যে আইন আসছে, সেই আইন অনুযায়ী আমাদের আপনার বয়স জানতে হবে।"
আরও পড়ুন: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় এই বিষয়ে মুখ খুলেছেন হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র। তিনি বলেন, "ভারতের Digital Personal Data Protection Act (DPDP) বা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের মতো আসন্ন আইনগুলির সঙ্গে সঙ্গতি রাখতে আমরা ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করতে চাইছি। এতে হোয়াটসঅ্যাপের কার্যকারিতা বা আপনার অভিজ্ঞতায় কোনও বদল হবে না।"
ভারতের Digital Personal Data Protection Act (DPDP) বা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের অধীনে ১৮ বছরের কম বয়সীকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং এই আইন চালু হলে ১৮ বছরের কম বয়সী কারও তথ্য এই প্ল্যাটফর্মে প্রসেস করতে হলে তার বাবা বা মেয়ের অনুমতি নিতে হবে।























