Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Uthappa On Indian Cricket Team: কারা সুযোগ পাবেন বিশ্বকাপের ভারতীয় দলে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও আইপিএল জয়ী প্রাক্তন কেকেআর তারকা রবিন উথাপ্পা বেছে নিলেন তাঁর পছন্দের ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড।

মুম্বই: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। ভারতীয় ক্রিকেট দল শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে টুর্নামেন্টে। নিঃসন্দেহে সেটিই হয়ত হতে চলেছে বিরাৈট কোহলি ও রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে হতে চলা এই টুর্নামেন্টে ভারতই ট্রফি জয়ের অন্য়তম দাবিদার। কিন্তু কারা কারা সুযোগ পাবেন বিশ্বকাপের ভারতীয় দলে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও আইপিএল জয়ী প্রাক্তন কেকেআর তারকা রবিন উথাপ্পা বেছে নিলেন তাঁর পছন্দের ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড। যেখানে অবশ্য়ই একটি চমকও রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ২০০৭ সালের ভারতীয় দলের সদস্য ছিলেন উথাপ্পা। তিনি তাঁর পছন্দের ভারতীয় দলে রেখেছেন ১৫ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীকে। ইতিমধ্য়েই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়ে গিয়েছে বৈভবের। উথাপ্পা তাকে দেখতে চাইছেন আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডেও। তবে ওপেনার হিসেবে অটোমেটিক চয়েস উথাপ্পা রেখেছেন গিল ও রোহিতকেই। ব্যাক আপ ওপেনার হিসেবে সূর্যবংশীকে দলে রেখেছেন প্রাক্তন নাইট তারকা।
তিন নম্বর পজিশনে বিরাট কোহলির জায়গা পাকা। চারে নামবেন শ্রেয়স আইয়ার। ঈশান কিষাণকে অবশ্য রাখেননি নিজের স্কোয়াডে উথাপ্পা। তিনি যদিও কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্য়াটে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কে এল রাহুলকে প্রথম পছন্দের উইকেট কিপার হিসেবে ও সঞ্জু স্যামসনকে ব্যাপ আপ উইকেট কিপার হিসেবে রাখছেন উথাপ্পা। যদিও স্যামসন ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলে একেবারেই ধারাবাহিক নন।
উথাপ্পার পছন্দের দলে তিনজন অলরাউন্ডার রয়েছেন। হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা। একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব। চারজন পেসার হিসেবে প্রাক্তন ক্রিকেটার রেখেছেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ ও ভুবনেশ্বর কুমারকে। ভুবি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। আদৌ নির্বাচকরা ৩৬ বছরের পেসারকে নিয়ে ভাবছেন কি না, তা নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভুবি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। শেষবার তিনি ২০২২ সালে কোনও আন্তর্জাতিক ম্য়াচ খেলেছিলেন।
যদিও কিছুদিন আগেই ভুবনেশ্বর নিজে বিশ্বকাপ খেলার বিষয়ে যে তিনি আশাবাদী সে কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমার কাছে যদি একটা ফোন আসে, তাহলে সঙ্গে সঙ্গেই আমি প্রস্তুত থাকব। সত্যি বলতে আমি জানি না আদৌ আমি কতটা তৈরি দলে ফেরার জন্য। আমার পেশাই ক্রিকেট খেলা। তার জন্যই আমি ইউপি টি-টোয়েন্টি লিগে খেলতে এসেছি।'




















