জেতার খিদে যেদিন থাকবে না, সেদিনই অবসর নেবেন, জানিয়ে দিলেন কোহলি

নয়াদিল্লি: জন্মদিনের প্রাক্কালে অবসরের পরিকল্পনা খোলসা করলেন বিরাট কোহলি।
রবিবার ৩০ বছরে পা দিচ্ছেন ভারত অধিনায়ক। তার আগে একটি সাক্ষাতকারে কোহলি জানান, যেদিন ক্রিকেটের প্রতি তাঁর খিদে শেষ হবে, সেদিনই তিনি অবসর নেবেন। তিনি বলেন, জয়ের অনুপ্রেরণা চাই। যেদিন সেই আবেগ শেষ হয়ে যাবে, সেদিনই আমি খেলা ছেড়ে দেব। আমার শরীর যখন দেবে না, তখন নিজেকে টেনে হিঁচড়ে খেলার কোনও মানে হয় না।
তিনি স্বীকার করেন, এমনও দিন গিয়েছে যখন ঘুম থেকে উঠে তাঁর খেলার প্রতি বিচ্যুতি এসেছে মনে। এক সত্যিকারের নেতার মতো তিনি মেনে নিয়েছেন, শুধু অংশগ্রহণের জন্য তিনি খেলবেন না। কোহলি বলেন, যখন ব্যর্থতা থেকে নিজেকে টেনে তোলার মনোভাব স্থিমিত হয়ে আসবে, চেষ্টার ক্ষমতা হারিয়ে যাবে, একজন ক্রীড়াবিদের উচিত তখন সরে দাঁড়ানো।
কোহলি বলেন, যেদিন জেতার খিদে ও আবেগ নিঃশেষিত হবে, যেদিন দেখব যে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য খেলছি, সেদিনই সরে দাঁড়াব। যদি, দলের কোনও কাজে না আসতে পারি, তাহলে খেলে কী লাভ, মত বিরাটের।






















