স্থায়ীকরণের দাবি, মজুরি বৃদ্ধি ও আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর ২৪ পরগনার দুটি পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ
স্থায়ীকরণের দাবি, মজুরি বৃদ্ধি ও আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর ২৪ পরগনার দুটি পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের সরিয়ে উপ পুর প্রধান পুরসভায় ঢোকার চেষ্টা করায় উত্তেজনা। কামারহাটি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, পুরসভায় আর্থিক দুর্নীতি চলছে। বহুবছর ধরে কাজ করা সত্ত্বেও তাঁদের স্থায়ীকরণ না করে বাইরে থেকে লোক নিয়োগ করে কাজ করানো হচ্ছে। মাত্র ২২৫ টাকা মজুরিতে তাঁদের কাজ করানো হয় বলে অভিযোগ। এর জেরে আজ সকাল থেকে পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী সাফাই কর্মীরা। উপ পুরপ্রধান তুষার চট্টোপাধ্যায় জোর করে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দেয় বেলঘরিয়া থানার পুলিশ। কামারহাটি পুরসভার জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় মজুরি বাড়ানো সম্ভব নয়।
অন্যদিকে, টিটাগড় পুরসভায় মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের। ২০৫ টাকা থেকে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি।শুক্রবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন আড়াইশো জন অস্থায়ী সাফাই কর্মী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা। অচলাবস্থা তৈরি হওয়ায় উপছে পড়ছে ভ্যাট। রাস্তায় যত্রতত্র পড়ে জঞ্জাল। টিটাগড় পুরসভার প্রধান প্রশান্ত চৌধুরী জানিয়েছেন, লোকসভা ভোটের জন্য এবার মজুরি বৃদ্ধি করা যাবে না।
All Shows






























