Asansol BYPoll: "বিজেপি সমর্থকদের চমকাতে হবে", পাণ্ডবেশ্বরের বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তরজা।Bangla News
"কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান।" পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই ভাইরাল ভিডিও ঘিরে জেলার রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। পাণ্ডবেশ্বর বিধানসভাও তার মধ্যে পড়ছে। উপনির্বাচনের আগে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, "মানুষ ভোট দিলে ওদের অসুবিধে হবে এটা বুঝতে পেরেই এই ধরনের মন্তব্য করা হয়েছে।" গতকাল দলীয় কর্মীদের নিয়ে এক সভায় তৃণমূল বিধায়ক এই মন্তব্য করেছেন বলে অভিযোগ। যদিও পাণ্ডবেশ্বরের বিধায়কের দাবি, "পুরনো ভিডিও। এখন উপনির্বাচনের মুখে এই সব করে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।"





















