Policeman Injured: মাছ চুরিতে বাধা, হরিশচন্দ্রপুরে দুষ্কৃতী-হামলায় জখম পুলিশকর্মী
পুকুরে মাছ চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী। তাঁকে বাঁচাতে যাওয়ায় ওই পুলিশ কর্মীর ভাইকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মালদার হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের ঘটনা। আহত পুলিশকর্মী বিভীষণ মণ্ডল হবিবপুর থানার দক্ষিণ চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাড়ি থেকে ১ কিমি দূরে একটি পুকুরে তিনি মাছ চাষ করতেন। গতকাল রাতে এলাকার ৩ জন যুবক ওই পুকুর থেকে মাছ চুরি করছিল। সেই সময় ওই পুলিশকর্মী তাদের বাধা দিতে যান। তখন তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর ভাইয়ের উপরও হামলা চালানো হয়। এই ঘটনায় দুইজনই গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।






















