Dengue: পাঁচ বছরে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ! ভয়াবহ পরিস্থিতি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও
উৎসবের মরশুমে রাজ্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি। পাঁচ বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬হাজার ৪৭৫। ২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। এবছর শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮হাজার ৯২৯জন। স্বাস্থ্য ভবনের সূত্রে খবর, এবছর সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। ২০২১ সালে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ৮হাজার ২৬৪ জন। ২০২০-তে সংখ্যাটা ছিল ৫হাজার ১৬৬। তবে ২০১৯ ও ২০১৮ সালে রাজ্যের তরফে আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়নি।






















