WB News: অফিসারদের সাসপেনশন নিয়ে কড়া আক্রমণ মমতার, পাল্টা চিঠি পাঠিয়ে রাজ্যকে 'ডেডলাইন' কমিশনের
ABP Ananda LIVE : দু'জন ERO, দু'জন AERO ও একজন ডেটা এন্ট্রি অপারেটর-সহ ৫জনকে সাসপেন্ড ও তাঁদের বিরুদ্ধে FIR করার নির্দেশ আগেই রাজ্য সরকারকে দিয়েছিল নির্বাচন কমিশন। গত মঙ্গলবার মুখ্যসচিবকে সেই চিঠি পাঠিয়েছিল কমিশন।এরপর থেকেই কমিশনকে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।বলেছেন - "২ জন WBCS অফিসার, ওঁরা সাসপেন্ড করে দিল, নির্বাচন ঘোষণাই হয়নি। কী সাহস!"এরই মধ্যেই আজ পাল্টা হিসেবে মুখ্যসচিবকে দ্বিতীয়বার চিঠি পাঠাল কমিশন। যেখানেও ওই ৫জনের বিরুদ্ধে অবিলম্বের ব্যবস্থা নিয়ে, আগামী সোমবার রিপোর্ট দিতে বলা হয়েছে।
সাসপেন্ড ও FIR-এর নির্দেশ ঘিরে ফের কমিশন-নবান্ন সংঘাত। সোমবার বিকেল পর্যন্ত ডেডলাইন দিয়ে মুখ্যসচিবকে কমিশনের কড়া চিঠি দেওয়া হয়েছে। কেন এখনও পদক্ষেপ নয়? তা জানতে চেয়ে সোমবার বিকেল ৩টের মধ্যে জবাব তলব করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল। আরও জোরাল হল সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা। ঘোরাল হল পরিস্থিতি। ৪ জন সরকারি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য় একেবারে সময় বেঁধে দিয়ে মুখ্য়সচিবকে কড়া চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে ৪ জন সরকারি অফিসারকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া হয়। এই চারজন হলেন বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল এবং ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও FIR দায়ের করতে বলা হয়।





















