Agneepath : পাথর ছুড়ে ট্রেন থামিয়ে আগুন, বাস ভাঙচুর, সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি
সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার। ছাপরায় পাথর ছুড়ে ট্রেন থামিয়ে আগুন। বাস ভাঙচুরও করা হয়। বক্সারের দুমরাও স্টেশনেও সুবিধা এক্সপ্রেসের এসি কামরার জানলার কাচ ভেঙে স্টেশনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। জেহানাবাদে পাথরবৃষ্টি, রেললাইন অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ট্রেন আটকায় বিক্ষোভকারীরা। বিক্ষোভ-অবরোধের জেরে ৮৩ ও ১১০ নম্বর জাতীয় সড়কে গাড়ির লাইন। তীব্র যানজট। অশান্তি ছড়িয়েছে আরা, নওয়াদা, মুঙ্গের-সহ বিহারের আরও কয়েকটি শহরে।
কেন্দ্র অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর, সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুকরা প্রশ্ন তুলেছেন তাঁদের ভবিষ্যৎ নিয়ে। তার জেরেই বিক্ষোভ-অশান্তি। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে কেন্দ্র। নতুন ওই সশস্ত্র বাহিনীর নাম দেওয়া হবে অগ্নিপথ। মোদি সরকার জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি ভারতীয়রা কাজের সুযোগ পাবেন বাহিনীতে।






















