রবিবার ফের ডায়ালিসিস সৌমিত্রর, স্নায়ুর সমস্যার সামান্য অবনতি
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। রবিবার ফের ডায়ালিসিস করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর সমস্যার সামান্য অবনতি হয়েছে বর্ষীয়ান অভিনেতার।
চিকিত্সকরা জানিয়েছেন, এদিন তাঁর ফের ডায়ালিসিস করা হয়। দু-একদিনের মধ্যেই প্রবীণ অভিনেতার ট্র্যাকিওস্টমি করা হবে। কী এই ট্র্যাকিওস্টমি? কণ্ঠনালীর কাছে ছিদ্র করে পাইপের সাহায্যে ভেন্টিলেটর ও ফুসফুসের মধ্যে সংযোগস্থাপন করা হবে।
এর মাধ্যমে অভিনেতার শরীরে অন্যান্য সংক্রমণ ও রক্তক্ষরণের ঝুঁকি কিছুটা কমানো যাবে বলে মনে করছেন চিকিত্সকরা। বেলভিউ সূত্রে আরও খবর, প্রবীণ অভিনেতার শরীরে প্লাজমাফেরাসিস অর্থাৎ বিশেষ পদ্ধতিতে প্লাজমা পরিশুদ্ধ করার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

















