Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
কলকাতা : শহরের একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের। মির্জা গালিব স্ট্রিটে ৯টি গেস্ট হাউস ও ৪টি রেস্তোরাঁকে শো কজ নোটিস। ২৪ ঘণ্টার মধ্যে কেন এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে বন্দ করা হবে না, তা জানতে চেয়েছে দমকল। প্রতিটি গেস্ট হাউস ও রেস্তোরাঁর বিরুদ্ধে অগ্নি বিধি না মানার অভিযোগ। এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল । অগ্নি বিধি মানতে এই নোটিস দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দমকলের DG অনুজ শর্মা।
কী হয়েছিল মির্জা গালিব স্ট্রিটে?
ব্যবধান মাত্র কয়েকদিনের। ফের একবার 'জতুগৃহ' হোটেল! তারাপীঠের পর খোদ শহর কলকাতায়। মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনেরই কয়েকটি হোটেলে। খবর পেয়ে ছুটে যায় দমকলবাহিনী। সূত্রের খবর, দমবন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশু-সহ ন'জনের। কিন্তু কীভাবে আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিশদে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার রাত ২টোর আগে হোটেলটির তিন তলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ক্ষণিকের মধ্য়েই ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি যখন আরও জটিল হয়, সেই সময় টের পান বহু আবাসিক। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মই বেয়ে উদ্ধার করা হয় আবাসিকদের। ইতিমধ্যে ৮০ জনের কাছাকাছি আবাসিকদের উদ্ধার করা গিয়েছে। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম।
প্রশ্ন উঠেছে হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে। আদৌ ওই হোটেল বা তার আশেপাশের হোটেলগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। এমনকি, আবাসিকদেরও দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজেনি। সেই সময়ই আবার বন্ধ হয়ে যায় হোটেলের লিফ্ট।
ইতিমধ্যে এই ঘটনায় ওই হোটেলের মালিক খোঁজে তাঁর বেহালার বাড়িতে যায় পুলিশ। কিন্তু সেখানে নেই তিনি। তা হলে আগুন লাগতেই কি বেপাত্তা 'শিখা ইন'-এর ম্যানেজার? বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল ১ জনকে। ধৃতের নাম আবু জাফর। মালিক বীরেশ্বর মিত্র এই ব্যক্তিকেই হোটেল লিজে দিয়েছিলেন। জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরকে এন্টালি মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বীরেশ্বর মিত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাঁর মালিকানায় থাকা আরেকটি হোটেল 'যাপন'-এর ২ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





















