এক্সপ্লোর
এখনও বেপাত্তা কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালা, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু সিবিআই-এর
এখনও বেপাত্তা কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এবার লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, সম্প্রতি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাদের তরফে জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারির পরও খুঁজে পাওয়া যাচ্ছে না লালাকে। তাই নিয়ম অনুযায়ী তাঁকে ফেরার ঘোষণা করার আবেদন জানানো হয়। সিবিআই সূত্রে খবর, তাতে সম্মত্তি জানিয়ে লালাকে আত্মসমর্পণ করার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধার্য করেছে আদালত। কিন্তু এখনও তাঁর কোনও হদিশ না মেলায়, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আদালতের সেই কপি এদিন কয়লা পাচারকাণ্ডের কিংপিনের বিভিন্ন বাড়িতে পাঠানো হয়েছে। সল্টলেকের পাশাপাশি পুরুলিয়ার নিতুড়িয়ায় লালার বাড়ি এবং তাঁর এলাকায় বিভিন্ন জায়গায় আদালতের নির্দেশের কপি লাগিয়ে দিয়েছে সিবিআই। অনুপ মাঝির মতো তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কয়লাকাণ্ডে আরেক অভিযুক্ত রত্নেশ বর্মারও খোঁজ চালিয়ে যাচ্ছে সিবিআই। কিন্তু হদিশ না মেলায়, এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলে তাঁর বাড়িতে আদালতের একইরকম নির্দেশের কপি দিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও দেখুন



















