Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
BJP News:

সন্দেশখালি: এবার বাড়ি দখলের অভিযোগ উঠল সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ আনলেন স্বামী কেশবানন্দ বন মহারাজ। ভাড়া চেয়েও না পাওয়ার অভিযোগে গতকাল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে লিখিত অভিযোগ জানালেন তিনি। মিথ্যে অভিযোগ, ভাতা পেলেই ভাড়া মেটানোর দাবি হিঙ্গলগঙ্গের বিধায়কের।
ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন বিধায়ক অনুগামীরাও। মিথ্যে অপবাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান তারা। আজ হিঙ্গলগঞ্জের লেবুখালিতে, অভিযোগকারীর বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রেখা পাত্রর অনুগামীরা। 'রেখা পাত্রকে অপমান করা হল কেন, ভণ্ড মহারাজ জবাব দাও', উঠল স্লোগান।
বাড়ি দখলের অভিযোগে সোমবার জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন স্বামী কেশবানন্দ বন মহারাজ। তাঁর দাবি, বিধানসভা ভোটের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালিতে তাঁর এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র। দু'মাসের ভাড়া দিলেও, তারপর থেকে আর ভাড়া দিচ্ছেন না, বাড়িও খালি করছেন না। এনিয়েই সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তিনি।
স্বামী কেশবানন্দ বন মহারাজ বলেন, ‘রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে। হোটেল কেশবানন্দ প্যালেস নামের বাড়িটাও দখল করেছে। চার বিঘে জমির উপর তিন তলা বাড়ি। মার্চ মাস থেকে রেখা পাত্র ওই বাড়িতেই আছে। তার সেন্ট্রাল ফোর্সও ওই বাড়িতেই ছিল। আমি বিজেপি সাপোর্টার বলে ওঁকে বাড়িটা দিয়েছিলাম। কিন্তু মার্চ, এপ্রিলের পর তিনমাস হয়ে গেল কোনও ভাড়া দেয় না। বাড়িটা ১ কোটি ২৫ টাকা দিয়ে কেনার কথা ছিল, সেটাও কিনছেন না। ভাড়াও দিচ্ছেন না, উল্টে আমার লোকেদের গালিগালাজ করছেন।’
যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। পাল্টা তাঁর দাবি, ‘উনি চাইছেন, যে রেখা পাত্রর নামে বদনাম করে, আমি ওই গেস্টহাউসটা বিক্রি করব।’ আর বিজেপি বিধায়ক বিরুদ্ধে অভিযোগ তোলার চব্বিশ ঘণ্টার মধ্যেই, পাল্টা স্বামী কেশবানন্দ বন মহারাজের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে, লেবুখালি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রেখা পাত্রর অনুগামীরা।
রেখা পাত্রর এক অনুগামী দাবি করেন, 'চাইছি CBI তদন্ত হোক, শাস্তি হোক, ওখানে তো আগে মধুচক্র চলত।'






















